রাষ্ট্রদ্রোহ মামলায় সাকা চৌধুরীর জামিন নামঞ্জুর
চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় মানবতাবিরোধী যুদ্ধাপরাধের মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ জগলুল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।
সাকার আইনজীবী এনামুল হক প্রথম আলোকে বলেন, ফটিকছড়ি থানার সাবেক ওসি মফিজ উদ্দিনের দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় মিস মামলা করে সালাউদ্দিন কাদেরের জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তা নাকচ করে দেন। ২০১০ সালের ৫ মে ফটিকছড়ি থানার ওসি মামলাটি দায়ের করেছিলেন। মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ আনা হয়। তাতে উল্লেখ করা হয়, ২০০৯ সালের ২০ নভেম্বর ফটিকছড়িতে একটি সমাবেশে বক্তব্যদানকালে সালাউদ্দিন কাদের বলেছিলেন, জাতীয় জীবনে ১৫ আগস্টের গুরুত্ব অধিক। কারণ, এ দিন মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে। শেখ হাসিনাকে এর থেকে শিক্ষা নেওয়া উচিত।