রাষ্ট্রদ্রোহের মামলায় খোকার বিরুদ্ধে অভিযোগপত্র
রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. তোফয়েল আহমেদ গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন। সিএমএম আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, অভিযোগপত্রটি মহানগর হাকিম মো. মাহবুবুরের আদালতে উপস্থাপন করা হয়। মামলার পূর্বনির্ধারিত তারিখ ১৪ ডিসেম্বর। ওই দিন আদালত বিষয়টি উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।
অভিযোগপত্র অনুসারে গত বছরের ১৪ অক্টোবর বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন বলেন, ‘...আওয়ামী লীগ যদি ২০০৭ সালের মতো লগি-বৈঠা নিয়ে মানুষ হত্যার মতো কাজ করে, তাহলে ছাড় দেওয়া হবে না। শক্ত হাতে এর জবাব দেব। পাড়ায়-মহল্লায় নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগ হামলা চালালে পাল্টা জবাব দেওয়া হবে। দা-কুড়াল-বল্লম-লাঠিসোঁটাসহ যা কিছু আছে, তা নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে।’
ওই ঘটনায় পল্টন থানায় পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়। পরে তা তদন্ত করে রাষ্ট্রদ্রোহের মামলা করেন শহীদুল্লাহ প্রধান।