রাষ্ট্রদ্রোহের মামলায় খোকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এই আদেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৩ সালের ১৪ অক্টোবর পল্টন থানাধীন মাওলানা ভাসানী মিলনায়তনে বিএনপির এক আলোচনা সভায় নেতা-কর্মীদের উদ্দেশ করে সাদেক হোসেন খোকা বলেন, ‘২৫ অক্টোবর বিএনপির সমাবেশে সবাই দা, কুড়াল, খুন্তি, কাস্তে, বল্লম যার যা কিছু আছে তা নিয়ে হাজির হবেন। প্রয়োজনে রক্তের বন্যা বইয়ে দিব, তা-ও সমাবেশ বাস্তবায়ন করে ছাড়ব।’
এ অভিযোগে ওই বছরের ৭ ডিসেম্বর পল্টন থানায় পুলিশ এই মামলা করে। গত বছরের নভেম্বের তদন্ত শেষে সাদেক হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। তিনি বর্তমানে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।