রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন পেলেন মান্না
রাষ্ট্রদ্রোহের অভিযোগে গুলশান থানায় করা এক মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জামিন পেয়েছেন। জামিন প্রশ্নে রুলের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন। অন্য একটি মামলায় গ্রেপ্তার থাকায় তিনি এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।
আদালতে মান্নার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইদ্রিসুর রহমান ও শাহদীন মালিক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
আইনজীবী ইদ্রিসুর রহমান পরে প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো পুলিশ প্রতিবেদন দিতে পারেনি। তিনি অসুস্থ, ১৮ মাস ধরে বিনা বিচারে কারাগারে আছেন। একজনের সঙ্গে ভাইভারে কথা বলেছেন, এতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা যায় না, এসব যুক্তি দিয়েছি।’ তিনি বলেন, মান্নার বিরুদ্ধে গুলশান থানায় আরেকটি মামলা রয়েছে। এই মামলায় আগামী ২৪ অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ রয়েছে। এরপর এই মামলায় জামিন আবেদনের চূড়ান্ত শুনানির জন্য আসবে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ বলেন, রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে আদালত মান্নাকে নিয়মিত জামিন দিয়েছেন। এই জামিনের বিরুদ্ধে আপিল করা হবে।
রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে গত বছরের ৫ মার্চ ও ২৪ ফেব্রুয়ারি গুলশান থানায় মান্নার বিরুদ্ধে পৃথক মামলা হয়। নিউইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোন আলাপের দুটি অডিও ক্লিপ প্রকাশের পর গত বছরের ২৫ ফেব্রুয়ারি মান্নাকে গ্রেপ্তার করা হয়। এই দুই মামলায় ২ ও ৭ মার্চ নিম্ন আদালতে মান্নার জামিন আবেদন নাকচ হয়। এর বিরুদ্ধে স্বাস্থ্যগত যুক্তিতে হাইকোর্টে জামিনের আবেদন করেন মান্না। জামিন আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে দুই মামলায় জামিন প্রশ্নে ২১ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল দেন।