রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রদ্রোহ মামলায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মো. ফজলুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল ইসলাম আজ বুধবার বিকেলে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ১৯ মার্চ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সম্পর্কে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ার অভিযোগে ইটনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্থানীয় আওয়ামী লীগের সমর্থক আলী হোসেন। গত ১৮ আগস্ট পুলিশ বিষয়টি ‘রাষ্ট্রদ্রোহ’ মামলা হিসেবে আদালতে প্রতিবেদন জমা দেয়। ২৭ আগস্ট আদালত মামলাটি আমলে নিয়ে ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ তিনি আদালতে হাজির হয়ে এ মামলায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে ফজলুর রহমানের পক্ষে শুনানিতে অংশ নেন মীর ইকবাল হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন পিপি শাহ আজিজুল হক।

এদিকে ফজলুর রহমানকে কারাগারে পাঠানোর প্রতিবাদে জেলা বিএনপি বিকেল সাড়ে চারটার দিকে শহরে বিক্ষোভ করে। বিক্ষোভ শেষে শহরের কালিবাড়ী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি রেজাউল করিম খান, সাংগঠনিক সম্পাদক ইসরাঈল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অসীম সরকার প্রমুখ। বক্তারা ফজলুর রহমানের মুক্তি দাবি করেন।