রাষ্ট্রদ্রোহ মামলার বাদী সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় করা রাষ্ট্রদ্রোহ মামলার বাদী পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মুন্সি আতিকুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মামলায় সাক্ষ্য দিতে হাজির না হওয়ায় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ গোলাম মুশেদ এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই আদালত আরও দুই সাক্ষীর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ৭ জুলাই সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।গতকাল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। বাদী মুন্সি আতিকুর রহমান না আসায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে সাক্ষ্য দেওয়ার জন্য তাঁর প্রতি ৯৪ বার সমন জারি করা হয় বলে আদালত সূত্র জানায়।গতকাল নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নান, তাঁর ভাই মহিবুল্লাহ, তারেক হোসেন, রাশেদুজ্জামান ওরফে রাশেদ ড্রাইভার, মো. ওয়াদুদ মোল্লা, মো. মাহমুদ আজাহারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা মাওলানা আমিরুল ইসলাম ও মুন্সি আনিসুল ইসলাম হাজির ছিলেন এবং জামিনে থাকা অপর আসামি মাওলানা রফিকুল ইসলামের পক্ষে সময় প্রার্থনা করা হয়। এ ছাড়া আসামি ছরোয়ার হোসেন মিয়া, আজিজুল হক, মো. লোকমান, মো. ইউসুফ, শেখ এনামুল হক ও মোছায়েব হাসান পলাতক।২০০০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ স্থলে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই বোমাটি উদ্ধার করে। এ ঘটনায় তিনটি মামলা করা হয়।