সুপ্রিম কোর্টে ভাঙচুরের ঘটনায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় গতকাল সোমবার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে শুনানি শেষ হয়েছে। কাল বুধবার এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ গতকাল যুক্তিতর্ক শুনানি শেষে এ তারিখ ধার্য করেন। গতকাল এ মামলায় আসামিদের ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় পরীক্ষা ও যুক্তিতর্ক শুনানির দিন ধার্য ছিল। ২০০৬ সালের ৩০ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসকক্ষ ভাঙচুরের ঘটনায় আদালতরক্ষক (কোর্টকিপার) রফিকুর ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করেন। মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কক্ষ ভাঙচুরসহ জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনা হয়। মামলায় ড. কামাল হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি রোকন উদ্দিন মাহমুদ, আমীর-উল-ইসলাম, তানিয়া আমীর, খসরুজ্জামান, সুব্রত চৌধুরী, শেখ আওসাফুর রহমান ও সুব্রত সাহাকে আসামি করা হয়। শাহবাগ থানার উপপরিদর্শক নাজিম মোল্লা তদন্ত করে গত বছরের ৫ জানুয়ারি আইনজীবী সুব্রত চৌধুরী ও শেখ আওসাফুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। বাকি ছয়জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের অব্যাহতি দেওয়া হয়।গত ১৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসকক্ষ ভাঙচুর করায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে আইনজীবী সুব্রত চৌধুরী ও শেখ আওসাফুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন। গত রোববার সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর শুনানির জন্য দিন ধার্য করেন। গতকাল তা শুনানির পর আদালত এ তারিখ ধার্য করেন।