রাষ্ট্রদ্রোহ মামলার ১৮৩৭ আসামির নাম প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআরে বিদ্রোহের ঘটনায় বিভিন্ন জেলায় করা ৪০টি রাষ্ট্রদ্রোহ মামলা থেকে এক হাজার ৮৩৭ জন আসামির নাম প্রত্যাহার করেছে সরকার। তবে ১২ জন উপসহকারী পরিচালকের (ডিএডি) নাম প্রত্যাহার না করায় তাঁদের বিরুদ্ধে মামলা চলবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ২৪৮ ও ৪৯৪ ধারার আওতায় গতকাল মঙ্গলবার এসব মামলা প্রত্যাহার করা হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইকবাল খান চৌধুরী প্রথম আলোকে বলেন, একই অপরাধের জন্য দুবার বিচার হতে পারে না। সে জন্য বিভিন্ন জেলার থানা ও আদালতে করা এসব নালিশি মামলা প্রত্যাহার করেছে মন্ত্রণালয়। যে ১২ জনের মামলা প্রত্যাহার করা হয়নি বুঝতে হবে, তাঁদের বিষয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে।মন্ত্রণালয় সূত্র জানায়, বিডিআরে বিদ্রোহের ঘটনায় তিন ধরনের মামলা করা হয়। এগুলোর মধ্যে ঢাকার বাইরে ২৮ জেলার ৩৭ থানায় ৪০টি রাষ্ট্রদ্রোহ মামলা, বিডিআরের নিজস্ব আইনে ৫৮টি এবং প্রচলিত আইনে পিলখানায় হত্যা, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে একটি মামলা রয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বাদী হয়ে রাষ্ট্রদ্রোহ মামলাগুলো করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধির ১২০(ক)/১২১ ও ২১২(ক) ধারায় রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ আনা হয়। মামলাগুলোর এক হাজার ৮৪৯ জন আসামির সবাইকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে ১৮ জন ডিএডি, ১৫ জন সাধারণ কর্মচারী ও দুজন বেসামরিক ব্যক্তিও রয়েছেন।মামলার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঢাকার বাইরে থানা ও আদালতে করা মামলাগুলোতে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ জোগাড় করতে পারেনি পুলিশ। আসামিদেরও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি। এ ছাড়া একই ঘটনায় বাহিনীর আইনে করা মামলায় আসামিদের শাস্তি হয়েছে। এসব বিবেচনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর থেকে এসব মামলা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়।জানা গেছে, গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার সিনিয়র সহকারী সচিব আবু সাঈদ মোল্লার স্বাক্ষরে আসামিদের নাম প্রত্যাহারের চিঠি তৈরি করা হয়েছে। আজ বুধবার এ চিঠি বিভিন্ন জেলায় পাঠানো হবে। চিঠিতে এ ৪০টি সিআর/জিআর মামলায় গ্রেপ্তার বিডিআরের ১২ জন বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা অব্যাহত রাখার কথা বলা হয়েছে।যাঁদের নাম প্রত্যাহার হয়নি: মন্ত্রণালয় সূত্র জানায়, মামলাগুলো থেকে যে ১২ জন ডিএডির নাম প্রত্যাহার হয়নি তাঁরা হলেন চট্টগ্রামের হারুন-অর-রশিদ ও নূরুন্নবী, নওগাঁর তদির উদ্দিন আহম্মেদ, দিনাজপুরের মোবারক আলী, কুষ্টিয়ার সাখাওয়াত হোসেন, খাগড়াছড়ির আবুল কাশেম, রাঙামাটির বাঘাইছড়ির বিজয় ম্যানুয়েল ডি প্যারিস, সিলেটের মকবুল হোসেন, দিনাজপুরের রফিকুল ইসলাম, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শেখ মজিবর রহমান, পঞ্চগড়ের নাজমুল হুদা চৌধুরী এবং নূরুল আমিন।নাম প্রত্যাহার হয়েছে: মামলা থেকে খাগড়াছড়ির ১৮০ জনের, চট্টগ্রামের ১০০, নওগাঁর ৫৪, দিনাজপুরের ৩১, কুষ্টিয়ার ৪২, রাঙামাটির ৬০, সিলেটের ১৯১, দিনাজপুরের ২০, শ্রীমঙ্গলের ৪৩, পঞ্চগড়ের ২২, রংপুরের ৩৪, কক্সবাজারের ২০৭, বান্দরবানের ২৭৫, ঠাকুরগাঁওয়ের ২৫, জামালপুরের ৪৪, রাজশাহীর ৯৩, চাঁপাইনবাবগঞ্জের ৩০, সাতক্ষীরার ৬৩, যশোরের ৪৩, কুড়িগ্রামের ৩৪, খুলনার ৫০, ব্রাহ্মণবাড়িয়ার ২৩, চুয়াডাঙ্গার ১২, জয়পুরহাটের ২০, ফেনীর ৬৪, নেত্রকোনা ৭২, লালমনিরহাটের ১৫ এবং সুনামগঞ্জের ২৩ জনের নাম প্রত্যাহার করা হয়েছে।প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ বিদ্রোহ দেশের বিভিন্ন স্থানে বিডিআরে ছড়িয়ে পড়ে।