রাষ্ট্রদ্রোহ মামলায় আসলাম চৌধুরীর সাত দিনের রিমান্ড
রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এ আদেশ দেন।
গত সোমবার রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার দুটি মামলায় আসলাম চৌধুরীকে রিমান্ডে নেওয়ার আবেদনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। সেদিন আদালত রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডের আবেদনের শুনানির জন্য গতকাল এবং নাশকতার দুই মামলায় রিমান্ডের আবেদনের শুনানির জন্য ৬ জুন দিন ধার্য করেন।
রাষ্ট্রদ্রোহ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল হক আসলাম চৌধুরীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এতে বলা হয়, সাম্প্রতিককালে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টায় নানা ধরনের নাশকতামূলক কার্যক্রম, ষড়যন্ত্রমূলক হত্যা ও বোমাবাজির সঙ্গে আসামি আসলাম চৌধুরীর যোগসূত্র রয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
আসলাম চৌধুরীর পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে বলেন, পত্রিকায় প্রকাশিত একটি ছবির ওপর ভিত্তি করে রাষ্ট্রদ্রোহ মামলা করা আইনের অপব্যবহার। আসলাম চৌধুরী দাওয়াত পেয়ে ভারতের এক অনুষ্ঠানে গেলে সেখানে ইসরায়েলের লিকুদ পার্টির ওই নেতার (মেন্দি সাফাদি) সঙ্গে তাঁর দেখা হয়। তাঁদের মধ্যে রাষ্ট্রদ্রোহমূলক কী কথা হয়েছিল তা তো রাষ্ট্রপক্ষ এখানে বলতে পারছে না।
শুনানি শেষে আদালত আসলাম চৌধুরীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাঁর জামিনের আবেদনও নাকচ করেন আদালত।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধির সঙ্গে বৈঠক এবং দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গত ১৫ মে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। ১৬ মে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২৬ মে গুলশান থানায় আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের এই মামলা করে পুলিশ।