রাষ্ট্রদ্রোহ মামলায় সাকা চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ফটিকছড়ি থানার পরিদর্শক আলতাফ হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার শুনানির পর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ইব্রাহিম মিয়া তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। চট্টগ্রাম আদালত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই-জিআরও) মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় সাকা চৌধুরীকে আসামি দেখানোর আবেদন করা হয়। আদালত আবেদন আমলে নিয়ে তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।গত বছরের ২০ নভেম্বর ফটিকছড়ির বিবিরহাট কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত স্থানীয় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সাকা চৌধুরী ১৫ আগস্ট সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ‘১৫ আগস্ট জাতির জন্য গুরুত্বপূর্ণ দিন। ১৫ আগস্ট না হলে বাংলাদেশের জনগণ ভোটের অধিকার ফিরে পেত না। একদলীয় শাসন ব্যবস্থার অবসান হতো না।’ সাকা চৌধুরী আওয়ামী লীগকে সতর্ক করে আরও বলেছিলেন, ‘প্রয়োজনে ১৫ আগস্ট থেকে শিক্ষা নিতে হবে। মুজিব হত্যার রায় জাতি মেনে নেয়নি।’এ ঘটনায় চট্টগ্রাম নগরের বাদুরতলা শুলকবহরের বাসিন্দা জনৈক মো. আবু তাহেরউদ্দীন (৩২) ঘটনার দুই সপ্তাহ পর দণ্ডবিধির ১২৪(ক)/৫০৫ ধারায় আদালতে একটি মামলা করেছিলেন। রাষ্ট্রদ্রোহ মামলা সরকারের অনুমোদন ছাড়া হয় না। তাই ঘটনার ১৩ মাস পর ২১ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজউদ্দিন বাদী হয়ে সাকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন।