রাষ্ট্রদ্রোহের অভিযোগে জামায়াতের তিন নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের আমিরসহ জামায়াতের তিনজন নেতাকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য ও বঙ্গবন্ধুকে নিয়ে ্ব্যঙ্গ করার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। গত শনিবার তাঁদের গাইবান্ধা জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ওই দিন সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পানিতলা কচুয়া গ্রামে উপজেলা জামায়াতের আমির আবু তালেব মণ্ডলের স্ত্রী আখতার বানু ও ইউনিয়ন জামায়াতের সভাপতি সোহরাব আলীর স্ত্রী মাহফুজা বেগম একটি সমাবেশ ডাকেন। সমাবেশে ধর্মীয় তালিম দেওয়ার কথা বলে আশপাশের গ্রাম থেকে পাঁচ শতাধিক নারীকে সমবেত করা হয়। ওই সমাবেশে বক্তারা মাইকযোগে সরকারবিরোধী নানা উসকানিমূলক বক্তব্য ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ্ব্যঙ্গাত্মক উক্তি করেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ সেখানে অভিযান চালালে আয়োজক আখতার বানু ও মাহফুজা বেগম সমাবেশস্থল থেকে পালিয়ে যান। এ সময় সেখান থেকে ইউনিয়ন জামায়াতের সভাপতি সোহরাব আলীকে পুলিশ গ্রেপ্তার করে। পরে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবু তালেব মণ্ডল ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জামায়াতের নেতা নুরুন্নবী প্রধানকে গ্রেপ্তার করা হয়। গোবিন্দগঞ্জ থানার ওসি ফজলুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তার করা নেতা-কর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার প্রস্তুতি চলছে।