রাষ্ট্রদ্রোহের দায়ে ব্লিটজ সম্পাদকের সাত বছরের কারাদণ্ড
রাষ্ট্রদ্রোহের দায়ে ব্লিটজ পত্রিকার সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরীকে সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এ রায় দেন।
গত মঙ্গলবার এই মামলায় উচ্চ আদালতের আদেশ দাখিল করার জন্য দিন ধার্য ছিল। আসামিপক্ষ তা করতে না পারায় আদালত আজ রায় ঘোষণার দিন ধার্য করেন।
শোয়েব চৌধুরী অন্য মামলায় কারাগারে আটক আছেন। মামলাটির বিচারকালে ২০ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
২০০৪ সালের ২৪ জানুয়ারি বিমানবন্দর থানায় দায়ের করা এ মামলার অভিযোগে বলা হয়, ২০০৩ সালের ২৯ নভেম্বর অভিযুক্ত আসামি ইসরায়েল যাওয়ার উদ্দেশে তখনকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে অভিবাসন পুলিশ তাঁকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ‘এডুকেশন টুওয়ার্ডস কালচার অব পিস’ শীর্ষক কনফারেন্সে উপস্থাপনের জন্য একটি ভাষণের কপি উদ্ধার করা হয়। ওই ভাষণে বাংলাদেশে আল-কায়েদাসহ ইসলামি জঙ্গি সংগঠনের কথিত তত্পরতার কথা উল্লেখ করা হয়।