রাষ্ট্রদ্রোহের মামলায় ১০ দিনের রিমান্ডে মান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি
মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি

রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শনিবার ঢাকার মহানগর হাকিম আতাউল হক এই রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে মান্নার জামিন আবেদন নাকচ করেন আদালত।
গুলশান থানা পুলিশ মান্নার ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত ১০ দিনের রিমান্ডই মঞ্জুর করেন।
মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার জন্য সম্প্রতি সরকারের অনুমোদন পায় পুলিশ। এরপর তাঁর বিরুদ্ধে গুলশান থানায় এ-সংক্রান্ত মামলা দায়ের করা হয়। মামলায় বিএনপির নেতা সাদেক হোসেন খোকাকেও আসামি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির নেতা সাদেক হোসেন খোকা এবং অজ্ঞাতনামা এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে মান্নার কথোপকথন নিয়ে গত ২৩ ফেব্রুয়ারি আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এরপর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বনানীর একটি বাসা থেকে মান্নাকে গোয়েন্দা পুলিশের পরিচয়ে একটি দল তুলে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। ওই সময় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে মান্নাকে আটক করার কথা অস্বীকার করা হয়। দিনভর খোঁজ পাওয়া না গেলেও পরদিন ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে গুলশান থানার পুলিশের হাতে মান্নাকে হস্তান্তর করে র‍্যাব। তখন সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহে প্ররোচনা দেওয়ার অভিযোগে মান্নার বিরুদ্ধে দণ্ডবিধির ১৩১ ধারায় গুলশান থানায় মামলা করে পুলিশ। ২৫ ফেব্রুয়ারি ওই মামলায় আদালতে হাজির করে পুলিশ তাঁকে ১০ দিনের রিমান্ডে নেয়।