রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন পেলেন আসলাম চৌধুরী
রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় কারাগারে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী জামিন পেয়েছেন। তাঁর জামিন প্রশ্নে দেওয়া রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মিফতাহউদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ জামিন দেন।
ওই মামলায় আসলাম চৌধুরী জামিন চেয়ে আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ৪ ডিসেম্বর হাইকোর্ট রুল দেন। কেন তাঁকে জামিন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। এর ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে রায় দেন। আদালতে আসলামের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, সাকিব মাহবুব ও সানজীদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।
আইনজীবী সানজীদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, খবরের ভিত্তিতে রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়। এক বছর পেরিয়ে গেছে। আদালতে পুলিশ কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি—এসব যুক্তি দেওয়া হয়। এ মামলায় জামিন হওয়ায় এখন আসলাম চৌধুরীর কারামুক্তিতে আইনগত বাধা নেই। তবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবীর প্রথম আলোকে বলেন, জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
মামলা সূত্রে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর গত বছরের ২৬ মে আসলাম চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়। মামলায় আসলামের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে ‘বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগ’ আনা হয়। এর আগে ওই বছরের ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে ডিবি। পরদিন ফৌজদারি কার্যবিধির (সন্দেহজনক) ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর গত ২৪ মে আসলাম চৌধুরীকে আদালতে হাজির করে মতিঝিল ও লালবাগ থানায় করা নাশকতার দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।