রাষ্ট্রধর্ম ইস্যুতে জামায়াত হরতাল ডেকেছে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার ‘চক্রান্তের’ প্রতিবাদে আজ সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল রোববার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে এ হরতালের ডাক দেন।
বিবৃতিতে শফিকুর রহমান বলেন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করা হয়েছে। জনগণের পক্ষ থেকে এমন কোনো দাবি ওঠেনি যে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করতে হবে। হাতে গোনা কতিপয় ‘রাষ্ট্র ও ধর্মবিদ্বেষী’ ব্যক্তিকে খুশি করার জন্য সরকার যদি সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার উদ্যোগ গ্রহণ করে, তাহলে এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তা কখনো মেনে নেবে না। যেসব ব্যক্তি রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে সংখ্যালঘু সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবে বলে যুক্তি দেখাচ্ছেন, তা মোটেই গ্রহণযোগ্য নয়।