জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্মনিরপেক্ষতা পরস্পরবিরোধী। এ ধরনের পরস্পরবিরোধী কোনো কিছু সংবিধানে থাকতে পারে না। তিনি এ বিষয়টিকে সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটিকে বিবেচনায় রাখার আহ্বান জানান।গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘সংবিধান অবমাননা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সাপ্তাহিক বর্তমান সংলাপের আয়োজন করে। মিজানুর রহমান বলেন, সংবিধানে জনগণের সত্যিকার অভিপ্রায় প্রতিফলিত হতে হবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত জাতির প্রথম সংবিধান জনগণের অভিপ্রায়ের ভিত্তিতেই প্রণীত হয়েছে। বারবার একে ছিন্নবিচ্ছিন্ন করে গণ-আকাঙ্ক্ষা বা অভিপ্রায়কে পদদলিত করা হয়েছে। বিশেষ করে সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে রাষ্ট্রধর্ম ইসলামকে সংযোজন করে এর মূল চেতনাকে ক্ষুণ্ন করা হয়েছে।আলোচনা সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক মোহাম্মদ মোহাব্বত খান, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কৃষক সমিতির সভাপতি মোর্শেদ আলী, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্যসচিব মো. শাহজাহান আলম সাজু প্রমুখ। মোহাব্বত খান বলেন, সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন বিধায় এর সঙ্গে সাংঘর্ষিক অন্য কোনো আইন প্রচলিত থাকতে পারে না। বিশেষ করে তিনি সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বিষয়টির উল্লেখ করে বলেন, মুক্ত চিন্তা আর ধর্মান্ধতা একসঙ্গে চলতে পারে না।