রাষ্ট্রধর্ম নিয়ে রিটকারীদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামকে রাষ্ট্রধর্ম করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাঁরা রিট মামলা করেছিলেন, তাঁদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ঢাকার একটি আদালতে মামলা নেওয়ার আবেদন করেন মাসুম বিল্লাহ নামের এক ব্যক্তি। ওই আবেদন খারিজ করেছেন আদালত।

আজ ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদের আদালতে ওই আবেদন করেন বলে প্রথম আলোকে জানিয়েছেন তাঁর আইনজীবী জাহিদুর রহমান।
ওই আবেদনে জাতীয় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান, সেক্টর কমান্ডার সি আর দত্ত, বদরুদ্দীন উমর, বোরহানউদ্দিন খান ও তাঁদের আইনজীবী সুব্রত চৌধুরীকে আসামি করার কথা বলা হয়।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের মার্চ মাসে রাষ্ট্রধর্ম ইসলাম চ্যালেঞ্জ করে ২৮ বছর আগে করা রিট আবেদন সরাসরি খারিজ করেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ আদেশ দেন।
আদেশে বলা হয়, আবেদনকারীদের আবেদনের অধিকার (লোকাস স্টান্ডি) নেই।
রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী জগলুল হায়দার আফ্রিক ও সুব্রত চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
১৯৮৮ সালে সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে সংযুক্ত করেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। সংবিধানে ২(ক) অনুচ্ছেদ যুক্ত করে বলা হয়, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হবে ইসলাম, তবে অন্যান্য ধর্মও প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাবে। তখন স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটির পক্ষে রাষ্ট্রধর্মের ওই বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন দেশের ১৫ জন বরেণ্য ব্যক্তি।
রিট আবেদনের ২৩ বছর পর ২০১১ সালের ৮ জুন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল দেন। ওই দিনই অ্যামিকাস কিউরি হিসেবে ১৪ জন জ্যেষ্ঠ আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়।
রুল জারির প্রায় পাঁচ বছর পর চলতি বছরের ৮ মার্চ এই রুল শুনানির জন্য আদালতে ওঠে।