রাষ্ট্রপক্ষ ও পরিবার রায়ে সন্তুষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বজিতের বড় ভাই উত্তম কুমার দাস
বিশ্বজিতের বড় ভাই উত্তম কুমার দাস

পুরান ঢাকায় দরজি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলার রায়ে তাঁর পরিবার এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন।
আজ বুধবার দুপুরে বিশ্বজিৎ হত্যা মামলার রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে এ সন্তুষ্টির কথা জানান সংশ্লিষ্টরা।
বিশ্বজিৎ হত্যা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২১ জন কর্মীর মধ্যে আটজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বাকি ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া দণ্ডবিধির ১৪৩ ধারায় যাবজ্জীবন সাজা পাওয়া প্রত্যেককে ছয় মাস কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর বিশ্বজিতের বড় ভাই উত্তম কুমার দাস সন্তুষ্টি প্রকাশ করেন। এই সাজা যাতে উচ্চ আদালতে বহাল থাকে, সেই দাবিও জানান তিনি। রায় দ্রুত কার্যকর করার পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তার করার দাবি জানান উত্তম।
রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম রায়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আদালত সবকিছু বিবেচনা করে রায় দিয়েছেন। প্রত্যাশিত রায়ই পেয়েছি।’
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এই রায়ের বিরুদ্ধে তাঁরা আপিল করবেন বলেও জানিয়েছেন।
মৃত্যুদণ্ড পাওয়া ইমদাদুল হক এমদাদের আইনজীবী সেলিম সরকার, আফতাব মাহমুদ চৌধুরী ও ফারুক হোসেন দাবি করেন, তাঁদের মক্কেলের বিরুদ্ধে কেউ সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য দেননি। তাঁকে ভিডিও ফুটেজেও দেখা যায়নি। দণ্ড পাওয়া অন্য আসামিদের আইনজীবীরাও রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন।
গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে পথচারী বিশ্বজিত্ দাসকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা নির্মমভাবে পেটান ও কোপান। বাঁচার জন্য দৌড় দিলে তিনি শাঁখারীবাজারের রাস্তার মুখে পড়ে যান। রিকশাচালক রিপন তাঁকে রিকশায় তুলে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিত্সক বিশ্বজিেক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় বিশ্বজিত্ লক্ষ্মীবাজারের বাসা থেকে শাঁখারীবাজারে নিজের দরজির দোকানে যাচ্ছিলেন।