একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ আদালতের দেওয়া দণ্ডাদেশ পুনর্বিবেচনা চেয়ে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদন (রিভিউ) আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চের কার্যতালিকায় বিষয়টি ১৪৭ নম্বর ক্রমিকে ছিল।
এ বিষয়ে নিজ কার্যালয়ে দুপুরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘রিভিউ আবেদন ১৪৭ নম্বর ক্রমিকে ছিল। সে পর্যন্ত যায়নি। আশা করি, এটা হয়তো বৃহস্পতিবার শুনানি হবে। শুনানির জন্য আমরা প্রস্তুত।’
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে সাঈদী আপিল করেন। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর ফাঁসির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন।