রাষ্ট্রপক্ষ প্রস্তুত না থাকায় বাঁশখালীর শীলপাড়ায় ১১ জনকে পুড়িয়ে হত্যার মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে গেছে। গতকাল সোমবার চাঞ্চল্যকর এ মামলার প্রথম সাক্ষ্য নেওয়ার কথা ছিল। আগামী ২ জানুয়ারি এই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিকাশ কুমার সাহা এই আদেশ দেন। গত ১২ সেপ্টেম্বর কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপির নেতা আমিনুর রহমান চৌধুরী ওরফে আমিন চেয়ারম্যানসহ ৩৮ জন আসামির বিরুদ্ধে অগ্নিসংযোগ করে খুন ও লুটতরাজের অভিযোগে অভিযোগ গঠন করেন আদালত। ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর শীলপাড়ায় তেজেন্দ্র লাল শীলের বাড়িতে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। প্রায় আট বছর পর এই মামলার বিচার শুরু হয়েছে।চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘সাক্ষ্য দিতে আমাদের তেমন প্রস্তুতি ছিল না। বাদী আমাকে প্রস্তুতি নিতে আরও সময় নেওয়ার অনুরোধ করেন। তাই আমরা সময়ের আবেদন করলে আদালত ২ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন।’