রাষ্ট্রপক্ষে যুক্তি দেবেন মোহাম্মদ আলী ও তুরিন আফরোজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপনের জন্য কৌঁসুলি মোহাম্মদ আলী ও তুরিন আফরোজকে দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি।
গতকাল রোববার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপুর স্বাক্ষরিত অফিস আদেশে কৌঁসুলিদের এ দায়িত্ব দেওয়া হয়। এতে বলা হয়, গতবারের মতো এবারও ঘটনার বিষয়ে মোহাম্মদ আলী ও আইনগত বিষয়ে তুরিন আফরোজ যুক্তি উপস্থাপন করবেন। ট্রাইব্যুনালে উপস্থিত থেকে এবং মামলার কৌশল নির্ধারণসহ অন্যান্য বিষয়ে তাঁদের সর্বাত্মক সহায়তা করবেন কৌঁসুলি সৈয়দ হায়দার আলী, রানা দাশগুপ্ত, জেয়াদ-আল-মালুম, মোকলেছুর রহমান ও সুলতান মাহ্মুদ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ সোমবার নিজামীর বিরুদ্ধে মামলায় দ্বিতীয় দফায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরুর দিন ধার্য রয়েছে। এর আগে এ মামলায় উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় অপেক্ষাধীন রাখা হয়েছিল।
গতকাল প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে অন্তর্দ্বন্দ্ব, অস্বস্তি’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনে বলা হয়, নিজামীর বিরুদ্ধে মামলায় দ্বিতীয় দফায় যুক্তি উপস্থাপনের এক দিন বাকি থাকলেও রাষ্ট্রপক্ষের কারা যুক্তি দেবেন, তা এখনো ঠিক হয়নি।