
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষে ২৪৫ জনের সাক্ষ্য পর্যবেক্ষণের আলোকে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আগামী ১ জানুয়ারি (২০১৮) আসামিপক্ষে যুক্তিতর্ক এবং রাষ্ট্রপক্ষে আইনগত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন আদালত। গতকাল বুধবার রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন এ তারিখ ধার্য করেন।
রাষ্ট্রপক্ষে এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান গতকাল ২৫তম দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষে এ মামলায় ২২৫ জন সাক্ষী এবং আসামিপক্ষে ২০ জন সাফাই সাক্ষী উপস্থাপন করা হয়।
১ জানুয়ারি কোন আসামি কী অপরাধ করেছেন, সে বিষয়ে আইনগত যুক্তি তুলে ধরবে রাষ্ট্রপক্ষ।
পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলার বিচারকাজ চলছে। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত এবং শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী আহত হন।
সৈয়দ রেজাউর রহমান গতকাল যুক্তিতর্ক উপস্থাপন করে বলেন, সাক্ষ্য-জেরা যুক্তিতর্কের মাধ্যমে আদালতে উপস্থাপন করা হয়েছে, যার মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে দেশি-বিদেশি পাঁচটি জঙ্গি সংগঠন এবং বিএনপি-জামায়াত জোট সরকারের সহায়তায় ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল।
রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি বলেন, পাকিস্তানি নাগরিক আবদুল মজিদ ভাট ওরফে ইউসুফ ভাট পাকিস্তানের আজাদ কাশ্মীরভিত্তিক জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের সদস্য। তাঁকে বাংলাদেশে পাঠানো হয় জঙ্গি তৎপরতা চালাতে এবং পাশাপাশি অবৈধ অস্ত্র ব্যবসা পরিচালনা করতে। এসব তৎপরতায় তাদের প্রধান বাধা ছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকারের সহায়তায় জঙ্গি সংগঠনগুলো তাদের তৎপরতা চালিয়ে যায়।
সৈয়দ রেজাউর রহমান বলেন, এ দেশে জঙ্গি তৎপরতার জন্য আবদুল মাজেট ভাটের মাধ্যমে অর্থ ও অবৈধভাবে অস্ত্র আসত। আবদুল মাজেট ভাট ২০০০ সালে পাকিস্তান থেকে বাংলাদেশে আসেন। তাঁকে এ দেশের নাগরিকত্ব পেতে সহায়তা করেন বিএনপি-জামায়াত জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন। সামরিক ও বিভিন্ন ধরনের অস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত আবদুল মাজেট ভাট এ দেশে বিয়ে করেন। মাজেদ ভাট সাফাই সাক্ষ্য দিয়ে বলেছেন, তিনি জঙ্গিনেতা মুফতি হান্নানসহ অন্যদের চেনেন না। তিনি বাংলা বোঝেন না, জানেন না। রাষ্ট্রপক্ষে তাঁর স্ত্রী আদালতে সাক্ষ্য দিয়েছেন।
সৈয়দ রেজাউর রহমান বলেন, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন ও লস্কর-ই-তাইয়েবা এই জঙ্গি তৎপরতায় অর্থ পাঠাত। এই অপতৎপরতার সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত ছিল। রেজাউর রহমানকে সহায়তা করেন আবু আবদুল্লাহ ভূঁইয়া, আকরাম উদ্দিন ও ফারহানা রেজা।