রাষ্ট্রপক্ষে সাক্ষ্য কার্যক্রম শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী উপস্থাপন শেষ হয়েছে। আগামী ১২ থেকে ১৪ জুন টানা তিন দিন আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেছেন আদালত।

গতকাল মঙ্গলবার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুরউদ্দিনের আদালতে মামলা দুটিতে রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা আবদুল কাহার আকন্দকে আসামিপক্ষের জেরা শেষ হয়।

এরপর রাষ্ট্রপক্ষে এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান আদালতকে বলেন, রাষ্ট্রপক্ষে তদন্ত কর্মকর্তা সর্বশেষ সাক্ষী। রাষ্ট্রপক্ষে আর সাক্ষী উপস্থাপন করা হবে না। পরে আদালত রাষ্ট্রপক্ষের সাক্ষ্য কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন এবং আসামিপক্ষে আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেন।

মামলা দুটি নিষ্পত্তি হতে আর কত দিন লাগতে পারে—জানতে চাইলে সৈয়দ রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, গত বছরের ২৪ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দেন। গতকাল তাঁর জেরা শেষ হয়েছে। আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলা রায়ের জন্য প্রস্তুত হবে। এক তদন্ত কর্মকর্তাকেই ৫৩ কার্যদিবস জেরা করা হয়েছে। কবে মামলা দুটির রায় হবে তা বলা দুষ্কর।

গতকাল এ মামলার আসামি বিগত চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর পক্ষে আইনজীবী রফিকুল ইসলাম সিদ্দিকী তদন্ত কর্মকর্তাকে জেরা করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন বিশেষ পিপি মোশাররফ হোসেন, আবু আবদুল্লাহ ভূঁইয়া ও আকরাম উদ্দিন।

আদালত সূত্র বলেছে, এ মামলায় রাষ্ট্রপক্ষে ২২৫ জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে। এ মামলার আসামি জঙ্গি সংগঠন হুজির শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নান ও শরীফ শাহেদুল আলম ওরফে বিপুলের ব্রিটিশ হাইকমিশনারের ওপর গ্রেনেড হামলা এবং তিনজন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় ইতিমধ্যে ফাঁসি কার্যকর হওয়ায় তাঁদের নাম আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর আগে এ মামলার আসামি জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাঁর নাম বাদ দেওয়া হয়।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২২ জন নিহত হন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন শতাধিক নেতা-কর্মী আহত হন। ২০০৮ সালের ১১ জুন বিএনপি-জামায়াত জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, হুজি নেতা মুফতি হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০০৯ সালের ৩ আগস্ট রাষ্ট্রপক্ষ মামলাটি অধিকতর তদন্তের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। ২০১১ সালের ৩ জুলাই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ আরও ৩০ জনের নাম যুক্ত করে মোট ৫২ জনের নামে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। অন্য মামলায় তিন আসামি মুজাহিদ, মুফতি হান্নান ও বিপুলের ফাঁসি কার্যকর হওয়ায় মামলা থেকে তাঁদের নাম বাদ দেওয়ায় এখন আসামির সংখ্যা ৪৯। এই ৪৯ জনের মধ্যে তারেক রহমানসহ পলাতক রয়েছেন ১৮ জন। জামিনে আছেন ৮ জন এবং কারাগারে আটক আছেন ২৩ জন।