রাষ্ট্রপক্ষের অনুপস্থিতিতে ট্রাইব্যুনালের অসন্তোষ
রাষ্ট্রপক্ষের কোনো কৌঁসুলি গতকাল বৃহস্পতিবার উপস্থিত না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনাল বলেছেন, রাষ্ট্রপক্ষের (প্রসিকিউশন) এই অনুপস্থিতি ‘দুঃখজনক’।জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানির জন্য গতকাল ছিল ধার্য দিন। বেলা পৌনে ১১টার দিকে বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এর কার্যক্রম শুরু হয়। কিন্তু রাষ্ট্রপক্ষের কোনো কৌঁসুলি এ সময় এজলাসে ছিলেন না। বেলা সাড়ে ১১টার দিকে কার্যক্রম মুলতবির আগ পর্যন্ত তাঁদের কেউ এজলাসে আসেননি।কার্যক্রমের শুরুতে আসামিপক্ষের আইনজীবী ফরিদ উদ্দিন খান অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন উপস্থাপন করেন। গত ২৮ মে কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ গঠন করে আদেশ দেওয়া হয়। ট্রাইব্যুনালের আগের আদেশ অনুসারে কাদের মোল্লাকে গতকাল হাজির করা হয়নি।আবেদন উপস্থাপনের পর এর পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য সময়ের আরজি জানিয়ে আসামিপক্ষের আইনজীবী বলেন, আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক যুক্তি উপস্থাপন করবেন। কিন্তু তিনি ট্রাইব্যুনাল-১-এ অন্য মামলার কার্যক্রমে ব্যস্ত আছেন। এ সময় ট্রাইব্যুনাল বলেন, জ্যেষ্ঠ আইনজীবীর অনুপস্থিতির কারণ দেখিয়ে মুলতবির আরজি জানানো ঠিক নয়। তাঁর (আবদুর রাজ্জাক) ওপর সবাই নির্ভরশীল হলে কীভাবে চলবে? আপনারা (আসামিপক্ষ) কেন জ্যেষ্ঠ আইনজীবীর সংখ্যা বাড়াচ্ছেন না?এ সময় আসামিপক্ষের আরেক আইন-জীবী মুন্সি আহসান কবীর বলেন, অনেক জ্যেষ্ঠ আইনজীবী আসামিপক্ষে যোগ দিতে চান না। টেলিফোনে হুমকি দেওয়া হয়, জীবনের ঝুঁকি নিয়ে কে কাজ করতে আসবেন? তিনি নিজেও হুমকির শিকার হয়েছেন।ট্রাইব্যুনাল এ বিষয়ে আইনজীবীকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন। এ পর্যায়ে ট্রাইব্যুনাল তাঁকে বলেন, এটা খেয়াল করেছেন, আপনাদের কোনো প্রতিপক্ষ (রাষ্ট্রপক্ষের কৌঁসুলি) এখানে উপস্থিত নেই? যদিও সরকার ২০ জন কৌঁসুলি নিয়োগ করেছে। এটা কি দুঃখজনক নয়? মুন্সি আহসান কবীর ট্রাইব্যুনালের সঙ্গে একমত পোষণ করেন। পরে ট্রাইব্যুনাল পুনর্বিবেচনার আবেদনের শুনানি ১০ জুন (রোববার) পর্যন্ত মুলতবি করেন।এই মামলায় রাষ্ট্রপক্ষের নির্ধারিত কৌঁসুলি (কন্ডাকটিং প্রসিকিউটর) মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগ করে গতকাল ট্রাইব্যুনালে অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, মামলার বিষয়ে প্রস্তুত থাকলেও শারীরিক অসুস্থতার কারণে ট্রাইব্যুনালে পৌঁছাতে দেরি হয়েছে। ততক্ষণে মামলার কার্যক্রম মুলতবি হয়ে গেছে। অসুস্থতার বিষয়টি তিনি সহকর্মীদের জানাতে ভুলে গিয়েছিলেন।এর আগে ২৮ মে মোহাম্মদ আলী কার্যক্রম শুরুর ১০ মিনিট পর উপস্থিত হওয়ায় ট্রাইব্যুনাল অসন্তোষ প্রকাশ করেছিলেন। সেদিন ছিল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের ধার্য দিন। সেদিন ট্রাইব্যুনাল তাঁর কাছে দেরির কারণ জানতে চাইলে তিনি এর জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। সে সময় ট্রাইব্যুনাল বলেছিলেন, দুঃখ প্রকাশ সব সময় যথেষ্ট নয়। না পারলে ছেড়ে দেন।