রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বের হয়ে যেতে বললেন বিচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ফোরক দ্রব্য আইনে করা এক মামলায় জামায়াতে ইসলামীর ছয় কর্মীর জামিনের বিরোধিতা করায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের এজলাস থেকে বের হয়ে যেতে বলেছেন বিচারক। গতকাল বুধবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৭-এর বিচারক দিলারা আলো চন্দনার আদালতে এ ঘটনা ঘটে। এ নিয়ে আদালত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ ঘটনায় সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা তাৎক্ষণিকভাবে মহানগর দায়রা জজ মো. জহুরুল হককে বিষয়টি অবহিত করেন। এদিকে আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন, বিচারক ভালো লোক। এ ধরনের ঘটনা ঘটেনি। মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট আদালতের আইনজীবীরা মহানগর দায়রা জজকে বিষয়টি অবহিত করেছেন। বিষয়টি মহানগর দায়রা জজ দেখবেন। আসামিদের উপস্থিতিতে ওই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল গতকাল। পাশাপাশি মামলার আসামিদের মধ্যে ছয়জন মোহাম্মদ হুমায়ুন, গোলাম সারওয়ার, খোরশেদ আলম, হামিদুল, সফিক ও কবীরের জামিনের আবেদনের শুনানি হয়। তাঁরা জামায়াতের কর্মী। শুনানি শেষে তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক। শুনানিতে রাষ্ট্রপক্ষে মহানগর সরকারি অতিরিক্ত কৌঁসুলি এ এস এম রিজাউর রহমান জামিনের বিরোধিতা করেন। বিচারক বলেন, ‘আমি জামিন মঞ্জুর করেছি। এ বিষয়ে কোনো কথা থাকলে অন্য কোথাও গিয়ে বলেন।’ এ নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিচারকের মধ্যে কিছুক্ষণ তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে বিচারক রাষ্ট্রপক্ষের আইনজীবীদের এজলাস থেকে বের হয়ে যেতে বলেন। রিজাউর রহমান প্রথম আলোকে বলেন, ১২ ফেব্রুয়ারি সোনারগাঁও ক্রসিংয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই আসামিরা ককটেলের বিস্ফোরণ ঘটান। এ সময় সংঘর্ষে নয়জন পুলিশ ও আসামি হুমায়ুন গুলিবিদ্ধ হন। আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য আছে। এ পর্যায়ে জামিন দেওয়ার সুযোগ নেই।