রাষ্ট্রপক্ষের আপিলের ওপর পরবর্তী শুনানি ২৯ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর ২৯ জানুয়ারি পরবর্তী শুনানি হবে। গতকাল বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ তৃতীয় দিনের মতো শুনানি গ্রহণ করেন।গতকাল শুনানিতে এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক কর্নেল সাফায়েত জামিলের জবানবন্দি উপস্থাপন শেষে আরও দুই সাক্ষীর জবানবন্দি তুলে ধরেন। তাঁরা দুজন হলেন—তৎকালীন পুলিশের বিশেষ শাখার উপমহাপরিদর্শক ই এ চৌধুরী এবং তদন্ত কর্মকর্তা আবদুল কাহহার আকন্দ। পরে আনিসুল হক প্রথম আলোকে বলেন, ২৯ জানুয়ারি পরবর্তী শুনানি হবে।আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আসামিপক্ষে নিয়োজিত কৌঁসুলি আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। এ ছাড়া চার নেতার একজন ক্যাপ্টেন মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম এজলাসকক্ষে উপস্থিত ছিলেন।সাক্ষীদের জবানবন্দি তুলে ধরে আনিসুল হক বলেন, ২৯ নম্বর সাক্ষী (কর্নেল সাফায়েত জামিল) তাঁর জবানবন্দিতে বলেছেন, বঙ্গভবনের সব টেলিফোন সংযোগ কেটে দেওয়া হয়। এর ওপর ভিত্তি করে হাইকোর্টের দেওয়া রায়ে বলা হয়, বঙ্গভবনে যেহেতু কোনো টেলিফোন সংযোগ ছিল না, তাই সাক্ষীরা বলেছেন কেন্দ্রীয় কারাগারের সঙ্গে বঙ্গভবনের টেলিফোনে কথা হয়েছে, সেটা বিশ্বাসযোগ্য নয়। অথচ পঁচাত্তরের ২ ও ৩ নভেম্বর সকাল পর্যন্ত বঙ্গভবনের সঙ্গে ক্যান্টনমেন্টে টেলিফোনে কথাবার্তা ও তর্কবিতর্ক হয় বলে এই সাক্ষীর বক্তব্যে এসেছে। ৩ নভেম্বরের পর টেলিফোন সংযোগ কাটা হয়েছে বলে সাফায়েত জামিল পরিষ্কার করেছেন।১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতে কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে। পরদিন তৎকালীন কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। এরপর ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। ওই রায়ে পলাতক আসামি রিসালদার (ক্যাপ্টেন) মোসলেহ উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ডাদেশ এবং ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এরপর ২০০৮ সালের ২৮ আগস্ট হাইকোর্ট রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মারফত আলী শাহ ও আবুল হাশেম মৃধাকে বেকসুর খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ড বহাল রাখা হয় রিসালদার মোসলেহ উদ্দিনের। এ ছাড়া চারজন যাবজ্জীবন কারাদণ্ড থেকে অব্যাহতি পান। অন্য আট আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল থাকে।