ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর আজ মঙ্গলবার রায় ঘোষণা করা হবে। আপিলের শুনানি শেষে ১৭ এপ্রিল প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ ৩০ এপ্রিল রায়ের দিন ধার্য করেন।রাষ্ট্রপক্ষে এ মামলায় প্রধান কৌঁসুলি আনিসুল হক গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষের আপিলের রায় প্রদানের জন্য আজ আপিল বিভাগের কার্যতালিকায় ১ নম্বর ক্রমিকে রয়েছে।পলাতক দুই আসামি দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছিল। চলতি বছরের ১৫ জানুয়ারি আপিলের ওপর শুনানি গ্রহণ শুরু হয়।১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ওই বছরের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও কামরুজ্জামানকে। পরদিন তৎকালীন উপ-কারা মহাপরিদর্শক আ. আউয়াল এ ব্যাপারে লালবাগ থানায় হত্যা মামলা করেন। ২০০৪ সালের ২০ অক্টোবর মহানগর দায়রা জজ আদালত জেলহত্যা মামলা নামে পরিচিত এ মামলার রায়ে পলাতক আসামি রিসালদার মোসলেহ উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ডাদেশ এবং ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমান, শাহ্ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর ও তাহেরউদ্দিন ঠাকুরকে খালাস দেওয়া হয়।এ রায়ের বিরুদ্ধে আপিল ও মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ বিষয়ে শুনানি শেষে হাইকোর্ট ২০০৮ সালের ২৮ আগস্ট রায় দেন। রায়ে আসামি মারফত আলী ও হাশেম মৃধাকে বেকসুর খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয় মোসলেহ উদ্দিনের। এ ছাড়া চারজন যাবজ্জীবন কারাদণ্ডাদেশ থেকে অব্যাহতি পান, অন্য আটজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল থাকে। হাইকোর্টে অব্যাহতি পাওয়া চারজন সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদের ইতিমধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসি কার্যকর হয়েছে।