মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ওপর গতকাল বুধবার শুনানি হয়েছে। শুনানির শেষ পর্যায়ে আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবীকে উদ্দেশ করে বলেন, যে গতি দেখাচ্ছেন, গতি বাড়াতে হবে। সর্বোচ্চ আদালতকে যে সময়সীমা দিলেন, তা প্রশংসা না করে পারা যায় না।গতকাল বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ শুনানি গ্রহণ করেন। বেঞ্চের অপর পাঁচ বিচারপতি হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আবদুল ওয়াহহ্াব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।দ্বিতীয় দিনের শুনানিতে গতকাল রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালের দেওয়া রায় উপস্থাপন করেন। ১ এপ্রিল আপিলের ওপর প্রথম দিনের শুনানি শুরু হয়। ওই দিন রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালের দেওয়া রায় উপস্থাপন শুরু করে। গতকাল সকাল থেকে মাঝে বিরতি দিয়ে বেলা একটা পর্যন্ত রায় পড়ে শোনান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু এবং কাদের মোল্লার পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।পরে শুনানির বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, ‘কাদের মোল্লার ক্ষেত্রে অপর্যাপ্ত সাজার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ওপর দ্বিতীয় দিনের শুনানিতে ট্রাইব্যুনালের রায়ের ১২০ অনুচ্ছেদ থেকে ২২৯ পর্যন্ত উপস্থাপন করেছি।’এদিকে জামায়াতের আরেক নেতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ আপিলের সারসংক্ষেপ জমা দিয়েছে। গতকাল সংশ্লিষ্ট শাখায় সারসংক্ষেপ জমা দেওয়া হয় বলে জানিয়েছেন এম কে রহমান। তিনি বলেন, শিগগিরই আপিল শুনানির দিন ধার্যের জন্য চেম্বার বিচারপতির আদালতে আবেদন করা হবে।কাদের মোল্লার আবেদন: এদিকে আপিল বিভাগের দুজন বিচারপতিকে কাদের মোল্লার মামলার বিচারকাজ থেকে বিরত থাকতে আবেদন জানানো হয়েছে। দুজন বিচারপতি হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।এ বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, ‘কয়েকটি কারণে ন্যায়বিচারের স্বার্থে তাঁদের বিচার থেকে বিরত থাকার আবেদন করা হয়েছে। কাদের মোল্লার পক্ষে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় গতকাল এই আবেদন করা হয়। আবেদনে বলেছি, গত বছর বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী লন্ডনে ঘাতক দালাল নির্মূল কমিটির একটি সভায় মানবতাবিরোধী অপরাধীদের বিচার চেয়ে বক্তব্য দিয়েছেন। ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের সঙ্গে বেলজিয়াম-প্রবাসী আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপে কথোপকথনে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সম্পর্কে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমকে প্রভাবিত করার তথ্য উঠে এসেছে।’