ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর ১১ ডিসেম্বর শুনানি হবে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ গতকাল রোববার শুনানির এই দিন ধার্য করেন।রাষ্ট্রপক্ষ গত বৃহস্পতিবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের সারসংক্ষেপ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেয়। এতে একাধিক আসামিকে খালাস করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল ও নিম্ন আদালতের সাজা বহাল রাখার আরজি রয়েছে। শুনানির দিন নির্ধারণের জন্য অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গতকাল সকালে বিষয়টি উপস্থাপন করেন।রাষ্ট্রপক্ষে এই মামলার প্রধান কৌঁসুলি আনিসুল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক প্রমুখ আদালতে উপস্থিত ছিলেন। পরে আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘১১ ডিসেম্বর তারিখ ধার্য করা হয়েছে। আমার মনে হয়, ওই দিন আপিলের ওপর শুনানি শুরু হবে।’ঘটনাক্রম: ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ওই বছরেরই ৩ নভেম্বর ভোররাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় গুলি করে হত্যা করা হয় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে। জেলহত্যা মামলা নামে পরিচিত এই মামলার কার্যক্রম প্রায় ২১ বছর কার্যত স্থবির ছিল। ২০০৪ সালের ২০ অক্টোবর নিম্ন আদালত পলাতক তিন আসামিকে ফাঁসি ও ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অপর পাঁচ আসামি রাজনীতিবিদ প্রয়াত কে এম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নূরুল ইসলাম মঞ্জুর ও তাহেরউদ্দিন ঠাকুর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা খায়রুজ্জামানকে বেকসুর খালাস দেওয়া হয়।২০০৮ সালের ২৮ আগস্ট হাইকোর্ট আসামিদের মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ এবং জেল আপিলের ওপর শুনানি শেষে রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মারফত আলী শাহ, আবুল হাশেম মৃধা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা এবং এ কে এম মহিউদ্দিন আহমেদ খালাস পান। পলাতক আসামি রিসালদার মোসলেম উদ্দিনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখা হয়। নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আট আসামি হাইকোর্টে আপিল না করায় তাঁদের দণ্ড বহাল রয়েছে বলে আইনজীবীরা মনে করছেন। এদিকে বঙ্গবন্ধু হত্যা মামলায় সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা এবং এ কে এম মহিউদ্দিন আহমেদের ফাঁসি ইতিমধ্যে কার্যকর হয়েছে।