রাষ্ট্রপক্ষের আবেদনে শুনানি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার শুনানি পিছিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে না পারায় আদালত আগামী ৭ মার্চ সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী তারিখ ধার্য করেছেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৩-এর বিচারক এস এম জিয়াউর রহমান এ তারিখ ধার্য করেন।
২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে সিপিবির সমাবেশ চলাকালে বোমা হামলায় পাঁচজন নিহত ও আরও অনেকে আহত হন। ওই ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন খুলনার বটিয়াঘাটার হিমাংশু মণ্ডল, খুলনার রূপসা উপজেলার আবদুল মজিদ, ঢাকার ডেমরার আবুল হাসেম, মাদারীপুরের মুক্তার হোসেন ও খুলনা বিএল কলেজের ছাত্র ইউনিয়ন নেতা বিপ্রদাস।
২০১৩ সালের ২৬ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মৃণাল কান্তি সাহা ১৩ জন আসামি চিহ্নিত করে তাদের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলায় আদালতে অভিযোগপত্র দেন। ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর মামলা দুটিতে অভিযোগ গঠন করা হয়।