অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর ২৫ এপ্রিল আদেশ দেবেন আপিল বিভাগ। গতকাল সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ১০ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আদেশের এই দিন ধার্য করেন।গত ১৪ মার্চ বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন ও অন্যান্য ভাতাসংক্রান্ত একটি কাঠামো আদালতে দাখিল করে রাষ্ট্রপক্ষ। পরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ কিছু সংশোধনের কথা উল্লেখ করে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য ১৫ এপ্রিল দিন ধার্য করেন। ওই দিন রাষ্ট্রপক্ষ আবেদন দাখিলের কথা বলে। পরে ১৬ এপ্রিল আবেদন দাখিল করে রাষ্ট্রপক্ষ।ওই আবেদনে ‘জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের বেতন-ভাতা, প্রজ্ঞাপন জারির পরিবর্তে আইন প্রণয়নের মাধ্যমে নির্ধারণ করা যথাযথ হবে’ উল্লেখ করা হয়। এ বিষয়ে অ্যামিকাস কিউরিদের (আদালতের আইনি সহায়তাকারী) বক্তব্য শোনা এবং পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে জানিয়ে ওই দিন আদালত শুনানি রোববার পর্যন্ত মুলতবি করেন। এরপর রোববার ও গতকাল শুনানি গ্রহণ করেন আদালত।রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও মাসদার হোসেন মামলার পক্ষে আইনজীবী এম আমীর উল ইসলাম শুনানি করেন। অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, ড. কামাল হোসেন, রফিক-উল হক, এ এফ হাসান আরিফ, রোকনউদ্দিন মাহমুদ ও তৌফিক নেওয়াজ মতামত তুলে ধরেন। তাঁদের মধ্যে ড. কামাল হোসেন, রফিক-উল হক, এ এফ হাসান আরিফ ও রোকনউদ্দিন মাহমুদ সংসদে আইন প্রণয়নের প্রয়োজন নেই বলে মত দেন। অপর অ্যামিকাস কিউরি তৌফিক নেওয়াজ কিছু প্রশ্ন উত্থাপন করেন।গতকাল শুনানিতে রোকনউদ্দিন মাহমুদ বলেন, সাহেবদের সঙ্গে জুডিশিয়াল সার্ভিসকে মেলানো ঠিক হবে না। বিচারকেরা শুধু দিনে বিচার কার্যক্রম পরিচালনা করেন না। রাতেও তাঁদের রায় লিখতে হয়। টি এইচ খান বলেন, মাসদার হোসেন মামলার রায় অনুসারে পে-কমিশন বাস্তবায়নে সরকারের বাধ্যবাধকতা আরোপিত হয়েছে।