রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা চার মামলার কার্যক্রম স্থগিত করে দেওয়া আদেশের বিরুদ্ধে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গতকাল মঙ্গলবার আবেদন দুই সপ্তাহের জন্য স্ট্যান্ডওভার (মুলতবি) রেখেছেন। এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে বলে সংশ্লিষ্ট আইনজীবী জানিয়েছেন।

এর আগে ১৩ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ খালেদা জিয়ার পৃথক আবেদনের শুনানি নিয়ে রুল দেওয়ার পাশাপাশি ওই চার মামলার কার্যক্রম অন্তর্বর্তীকালীন সময়ের জন্য স্থগিত করেন। আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা গতকাল শুনানির জন্য ওঠে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জাকির হোসেন ভূইয়া। পরে জাকির হোসেন ভূইয়া প্রথম আলোকে বলেন, আদালত দুই সপ্তাহের জন্য রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি মুলতবি রেখে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছেন। ফলে মামলা চারটির কার্যক্রম আপাতত স্থগিত থাকছে।

নাশকতার অভিযোগে ২০১৫ সালের ৩ ও ২৩ ফেব্রুয়ারি রাজধানীর দারুস সালাম থানায় তিনটি ও ২৪ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলা করা হয়।

১১ মামলার অভিযোগের শুনানি ২২ মে

আদালত প্রতিবেদক জানান, খালেদা জিয়াসহ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলাসহ ১১টি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ২২ মে নতুন দিন ধার্য করেছেন আদালত। গতকাল খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করা হলে ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই দিন ধার্য করেন।