রাষ্ট্রপক্ষের কার্যালয়ের কম্পিউটার থেকে তথ্য চুরির সন্দেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কার্যালয়ে একটি কম্পিউটার থেকে তথ্য চুরি হয়েছে সন্দেহে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ। গতকাল রোববার রাতে শাহবাগ থানায় এই জিডি করা হয়৷
তুরিন আফরোজ জানান, ১২ জুন অফিস করার পর তিনি ছুটিতে যান। ছুটি শেষে গতকাল তিনি অফিসে গিয়ে দেখেন, কার্যালয়ে তাঁর কক্ষের কম্পিউটারের তার খোলা ও এলোমেলো। তিনি কম্পিউটাের হার্ডডিস্ক ও ডিভিডি রম সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় পান। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) হাবিল হোসেন বলেন, ‘তুরিন আফরোজ সন্দেহ করছেন, তাঁর কম্পিউটার থেকে মানবতাবিরোধী অপরাধের মামলা-সংক্রান্ত কোনো জরুরি তথ্য নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে। আমরা বিষয়টি তদন্ত করছি।’