রাষ্ট্রপক্ষের কৌঁসুলিকে অপসারণ
ছুটি নিয়ে বিদেশে গিয়ে সময়মতো ফিরে না আসায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (প্রসিকিউটর) এ কে এম সাইফুল ইসলামকে পদ থেকে অপসারণ করেছে আইন মন্ত্রণালয়। তিনি এখন যুক্তরাষ্ট্রে আছেন।
এ কে এম সাইফুল ইসলামকে অপসারণ করে গতকাল বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের সলিসিটরের কার্যালয়। এতে বলা হয়, শৃঙ্খলা ও আচরণবিধি ভঙ্গের অপরাধে সাইফুল ইসলামের নিয়োগ আদেশ বাতিল করে তাঁকে প্রসিকিউটর পদ থেকে অপসারণ করা হলো। ২০১১ সালের ২১ এপ্রিল সাইফুল ইসলামকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
রাষ্ট্রপক্ষের সূত্র জানায়, গত ৩ এপ্রিল সাইফুল ইসলাম দুই সপ্তাহের ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে যান। এর আগে একাধিকবার তিনি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে গেলেও সময়মতো ফিরে এসেছেন। কিন্তু এবার তিনি ছুটি বাড়ানোর অনুরোধ জানাননি। এমনকি কাজে যোগ দেওয়ার জন্য মন্ত্রণালয়ের চিঠির কোনো জবাবও তিনি দেননি।
প্রায় তিন বছর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদাসম্পন্ন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি থাকাকালে সাইফুল ইসলাম জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাটি পরিচালনা করেছেন। তিনি জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে করা মামলাটিও আংশিক পরিচালনা করেছিলেন।
রাষ্ট্রপক্ষের আরেক কৌঁসুলি মীর ইকবাল হোসেন গত এপ্রিল মাস থেকে ছুটিতে আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক রাষ্ট্রপক্ষের একাধিক কৌঁসুলি জানান, মীর ইকবাল চাকরি ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু তাঁরই কয়েকজন সহকর্মীর পরামর্শে পদত্যাগ না করে তিনি দীর্ঘ ছুটি নিয়েছেন।
জানতে চাইলে মীর ইকবাল হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি চোখের সমস্যার জন্য গত এপ্রিল মাস থেকে ছুটিতে আছি, প্রতি মাসে ছুটি এক্সটেন্ড (বাড়ানো) করছি।’ চাকরি ছেড়ে দিতে চান কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চোখের সমস্যার জন্য আমার কাজ করতে অসুবিধা হয়। তাই চিকিৎসার জন্য বিদেশে যাব। যদি চোখ ঠিক হয়, তবে আবার কাজে যোগ দেব। এ ছাড়া এ বছর হজ করারও প্রস্তুতি নিয়েছি।’
মীর ইকবাল হোসেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হিসেবে কোনো মামলাই পুরোটা পরিচালনা করেননি। ২০১২ সালের ২৯ এপ্রিল তাঁকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় মন্ত্রণালয়। জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মামলাটি পরিচালনার জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারায় কয়েক দিন পর ওই মামলার দায়িত্ব কৌঁসুলি মোহাম্মদ আলীকে দেওয়া হয়। বলতে গেলে, প্রায় দুই বছর তিনি কোনো মামলার দায়িত্ব ছাড়াই ছিলেন।
ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কার্যালয়ে তিন শ্রেণিতে ২১ জন কৌঁসুলি কর্মরত আছেন। তাঁদের মধ্যে অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার তিনজন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার ১১ জন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার সাতজন কৌঁসুলি রয়েছেন। প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু ছাড়াও অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার কৌঁসুলি হলেন সৈয়দ রেজাউর রহমান ও সৈয়দ হায়দার আলী।