রাষ্ট্রপক্ষের কৌঁসুলির অপসারণ চেয়ে করা আবেদনের নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দুটি রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম পরিচালনা করবেন কি না—সে বিষয়টি রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির ওপর ছেড়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল রোববার আবেদনের নিষ্পত্তি করে এ আদেশ দেন। গোলাম আযম ও সাকা চৌধুরীর পক্ষে তাঁদের আইনজীবীরা মামলা পরিচালনা এবং রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দল থেকে মালুমের অপসারণ চেয়ে আবেদন দুটি করেছিলেন।ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৭ ধারা অনুসারে সরকার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি বা অন্য কৌঁসুলিদের নিয়োগ করে। ফলে কৌঁসুলি নিয়োগ বা অপসারণ ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত নয়। ট্রাইব্যুনালের কার্যপ্রণালি বিধিমালার ১৭ বিধি অনুসারে, রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত যেকোনো কৌঁসুলি রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবেন। এ বিধান অনুসারে জেয়াদ-আল-মালুম রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবেন কি না, তা রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির ওপর নির্ভর করবে। এ জন্য বিষয়টি প্রধান কৌঁসুলির সুবিবেচনার ওপর ছেড়ে দেওয়া হলো।আদেশে বলা হয়, জেয়াদ-আল-মালুমের অপসারণ চেয়ে আবেদন দুটি করা হয়েছে অবৈধভাবে প্রাপ্ত স্কাইপ কথোপকথনের ওপর ভিত্তি করে, যা সংবাদপত্রে ছাপা হয়েছে। আসামিপক্ষ এমন কোনো নথি দেখাতে পারেনি যে হ্যাকিংয়ে পাওয়া নথি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য।সাঈদীর পক্ষে যুক্তি উপস্থাপন শুরু: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আবারও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়েছে। যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। যুক্তি উপস্থাপনকালে মিজানুল ইসলাম এই মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনের সাক্ষ্যের বিভিন্ন অসংগতি তুলে ধরে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে ও সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য সরকারের নির্দেশে আগে থেকে একটি পরিকল্পনা অনুসারে এগিয়েছেন তদন্ত কর্মকর্তা।ট্রাইব্যুনালের আদেশ অনুসারে ১৭ জানুয়ারি রাষ্ট্রপক্ষ এই মামলায় আবার যুক্তি উপস্থাপন শেষ করে। আসামিপক্ষের যুক্তি দেওয়ার জন্য নির্ধারিত তিন দিনের প্রথম দিন ছিল গতকাল।সাক্ষ্য হিসেবে জবানবন্দি গ্রহণের আবেদন খারিজ: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী শেরপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নানের তদন্ত কর্মকর্তাকে দেওয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল-২। আবদুল হান্নানের অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে এ আবেদন করেছিল।