রাষ্ট্রপক্ষের চার সাক্ষীকে জেরার অনুমতি পেলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্টসংক্রান্ত দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের চার সাক্ষীকে জেরা করার অনুমতি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পাঁচ সাক্ষীকে জেরার জন্য খালেদা জিয়ার করা এক আবেদনের শুনানি নিয়ে গতকাল রোববার বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবী সূত্র বলেছে, ওই মামলায় খালেদা জিয়ার পক্ষে রাষ্ট্রপক্ষের পাঁচ সাক্ষীকে জেরা করার অনুমতি চেয়ে নিম্ন আদালতে আবেদন করা হলে গত ৮ জুন তা নামঞ্জুর হয়। এই আদেশের বিরুদ্ধে ২১ জুন তিনি হাইকোর্টে রিভিশন আবেদন করেন, যা গতকাল শুনানি হয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবদীন, রাগীব রউফ চৌধুরী ও জাকির হোসেন ভূঁইয়া। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

পরে আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া বলেন, যে চার সাক্ষীকে জেরার অনুমতি দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে শেখ মকবুল আহমেদ, আমিরুল আসলাম ও অমল কান্তি চক্রবর্তী ব্যাংক কর্মকর্তা এবং চৌধুরী এম এন আলম দুদকের কর্মকর্তা। ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ আগামী বৃহস্পতিবার এই মামলায় সাক্ষ্যের জন্য দিন ধার্য রয়েছে।