রাষ্ট্রপক্ষের তিন আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যাযজ্ঞ মামলায় বিচারিক আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ১৫৮ জনের সর্বোচ্চ সাজা চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এ ছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পাওয়া আসামিদের সর্বোচ্চ সাজা চেয়ে একটি এবং খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে আরেকটি আপিল করেছে রাষ্ট্রপক্ষ। চলতি সপ্তাহে এই তিনটি আপিল করা হয় বলে রাষ্ট্রপক্ষ জানিয়েছে।
এদিকে এই মামলায় ১৫২ আসামির ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি চলেছে। বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের এই বিশেষ বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। গতকাল বুধবার ৩৬৩তম দিনের মতো শুনানি হয়।
তিনটি আপিল করার বিষয়টি জানিয়ে ওই মামলায় রাষ্ট্রপক্ষে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার কাজল প্রথম আলোকে বলেন, ২৭৭ জন আসামি বিচারিক আদালতে খালাস পান। তাঁদের মধ্যে ৬৯ জনের খালাসের বিরুদ্ধে আগেই রাষ্ট্রপক্ষ আপিল করে, যা শুনানিতে রয়েছে। খালাসপ্রাপ্ত অন্যদের মধ্যে যাঁরা বিডিআর সদস্য ছিলেন, তাঁদের ক্ষেত্রে একটি আপিল করা হয়েছে। বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত ২৫৬ জনের মধ্যে যাঁরা বিডিআর সদস্য ছিলেন তাঁদের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা চেয়ে একটি এবং যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ১৫৮ জনের সর্বোচ্চ সাজা চেয়ে আরেকটি আপিল করা হয়েছে।
আইনজীবী সূত্র বলেছে, পৃথক এই তিনটি আপিল শুনানির জন্য হাইকোর্টের ওই বিশেষ বেঞ্চে পাঠাতে প্রধান বিচারপতির কাছে গত মঙ্গলবার আবেদন করেছে রাষ্ট্রপক্ষ, সঙ্গে ১০৩৬ দিন বিলম্ব মার্জনার আবেদন রয়েছে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআরের সদর দপ্তর পিলখানায় ওই হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। ওই বছরের ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয়। পরে মামলা দুটি নিউমার্কেট থানায় স্থানান্তরিত হয়। বিচার হয় বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠসংলগ্ন অস্থায়ী এজলাসে। ২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালতের রায়ে বিডিআরের সাবেক ডিএডি তৌহিদসহ ১৫২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহম্মেদ পিন্টু (প্রয়াত) ও স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২৭৭ জনকে খালাস দেওয়া হয়।