জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার রাষ্ট্রপক্ষের ১৪, ১৫ ও ১৬ নম্বর সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জব্দ তালিকার এই তিন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।১৪তম সাক্ষী হলেন বাংলা একাডেমীর সহ-গ্রন্থাগারিক এজাবউদ্দিন মিয়া, ১৫তম সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান ডকুমেন্টেশন কর্মকর্তা আমেনা খাতুন এবং ১৬তম সাক্ষী বাংলাদেশ জাতীয় জাদুঘরের ইতিহাস, ধ্রুপদি ও শিল্পকলা বিভাগের সংরক্ষণ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান এই তিন সাক্ষীর জবানবন্দি নেন। জবানবন্দি শেষে সাক্ষীদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। পরে এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ২০ মার্চ ধার্য করেন ট্রাইব্যুনাল।সংগ্রামকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল: একই ট্রাইব্যুনাল গতকাল দৈনিক সংগ্রামকে সতর্ক করেন। সংগ্রামের সংশ্লিষ্ট প্রতিবেদককে ডেকে ট্রাইব্যুনাল বলেন, ৭ মার্চ আপনাদের একটি প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘একই অভিযোগে আ.লীগ নেতাদের কাছে চাওয়া হয়েছিল লিখিত ব্যাখ্যা, জামায়াতের কেন্দ্রীয় ৩ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা’। ট্রাইব্যুনাল বলেন, আমরা কাকে হাজির হতে বলব, কাকে বলা হবে না, তার সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল। এভাবে আপনারা মন্তব্য করতে পারেন না।ট্রাইব্যুনাল বলেন, সংগ্রামের একই দিনের অপর একটি প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন শেরপুরের শহীদ একাব্বর আলীর পুত্র, আমার বাবাসহ অনেককে পাক সেনারা হত্যা করে, ঘটনার সময় কামারুজ্জামানকে আমি দেখি নাই’। এ ধরনের বিকৃত সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার নির্দেশ দেন ট্রাইবুনাল।