রাষ্ট্রপক্ষের দুই সাক্ষীর জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী পীযূষ কান্তি ঘড়াই ও ১১তম সাক্ষী মুকুল রানী দাস। পীযূষ কান্তি প্রত্যক্ষদর্শী হিসেবে একটি হত্যাকাণ্ডের ঘটনার বর্ণনা দেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষের এই দুই সাক্ষীর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ জাহিদ ইমাম। এ সময় আসামির কাঠগড়ায় ইউসুফ হাজির ছিলেন। এই দুই সাক্ষীর জবানবন্দির আগে রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী আবদুর রউফ মল্লিককে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান।
জবানবন্দিতে পীযূষ কান্তি (৬০) বলেন, তাঁর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারে। তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। একাত্তরের ১৭ মে মোরেলগঞ্জ বাজারে ইউসুফের নির্দেশে রাজাকাররা স্বাধীনতাকামী ও হিন্দু ধর্মাবলম্বীদের ৩০০-৪০০ দোকান লুট করে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি তিনি দূর থেকে দেখেছেন। একাত্তরের ১৯ মে রাতে পাকিস্তানি সেনা ও রাজাকারদের সঙ্গে নিয়ে ইউসুফ মোরেলগঞ্জ বাজার থেকে শান্তি রঞ্জন, সত্য রঞ্জন, কেশব চন্দ্র, অমর দাস ও তাঁকেসহ ছয়জন হিন্দুকে আটক করেন। পরে ইউসুফের নির্দেশে রাজাকাররা তাঁদের নির্যাতনের পর গুলি করে একে একে শান্তি রঞ্জন, সত্য রঞ্জন, কেশব চন্দ্রকে হত্যা করে। এ সময় তিনি ও অমর দাস কৌশলে পালিয়ে বাঁচেন।
পীযূষ কান্তি বলেন, একাত্তরের ১৩ মে ইউসুফের উপস্থিতিতে ও নির্দেশে রাজাকাররা মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিককে বারুইখালী ক্যাম্পে নিয়ে হত্যা করে। ইউসুফের নির্দেশে ২৯ জুলাই রাজাকাররা মোরেলগঞ্জ বাজারের চিকিৎসক আবদুল মজিদকে হত্যা করে।
এরপর জবানবন্দিতে মুকুল রানী দাস (৬৫) বলেন, একাত্তরের ১৯ মে রাজাকাররা তাঁর স্বামী শান্তি রঞ্জন দাস, দেবর সত্য রঞ্জন, কেশব চন্দ্র, ভাই শংকর চন্দ্র দাস, বৃদ্ধ কাকা শ্বশুর সন্তোষ কুমার দাসকে ধরে নিয়ে যায়। বৃদ্ধ হওয়ায় কিছু দূর যাওয়ার পর সন্তোষকে ছেড়ে দেওয়া হয়। তিনি তাঁকে জানান, ইউসুফ অন্যদের ধরে নিয়ে গেছেন। দু-তিন ঘণ্টা পর তিনি (সাক্ষী) গুলির শব্দ পান। পরে তিনি পীযূষের কাছে শোনেন, ইউসুফের নির্দেশে রাজাকাররা তাঁর স্বামী ও অপর চারজনকে হত্যা করেছে। পীযূষ ও অমর সেখান থেকে পালিয়ে বাঁচেন।
পিযূষ কান্তি ও মুকুল রানীকে জেরার জন্য আজ সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।