চট্টগ্রামের বহদ্দারহাটে ফ্লাইওভারের গার্ডার ধসের ঘটনায় করা মামলার অভিযোগপত্রের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের নারাজি আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। একই সঙ্গে আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১৬ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান এ আদেশ দেন।
২০১২ সালের ২৪ নভেম্বর নগরের বহদ্দারহাটে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নিমার্ণাধীন ফ্লাইওভারের ১২ ও ১৩ নম্বর গার্ডার ধসে ১৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। গত বছরের ২৪ অক্টোবর চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। গত ৩ জুন রাষ্ট্রপক্ষ ওই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করে৷
মামলার রাষ্ট্রপক্ষের কেঁৗসুলি ফখরুদ্দিন চৌধুরী গতকাল প্রথম আলোকে জানান, মামলার এজাহারে থাকা ১৭ আসামিকে বাদ দেওয়ায় অধিকতর তদন্তের আবেদন করে নারাজি আবেদন করা হয়েছিল৷ আদালত তা খারিজ করে দিয়েছেন। আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হলো৷ মামলায় ২৮ জনকে সাক্ষী করা হয়েছে৷
কেঁৗসুলি ফখরুদ্দিন আরও জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার অ্যান্ড পারিশা ট্রেড সিস্টেমসের পক্ষে তৎকালীন ব্যবস্থাপক গিয়াস উদ্দিন, একই প্রতিষ্ঠানের কর্মী মনজুরুল ইসলাম, আবদুল জলিল, আবদুল হাই, মোশাররফ হোসেন, শাহজাহান আলী, রফিকুল ইসলাম ও আমিনুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে৷ আমিনুর ছাড়া বাকি আসামিরা গতকাল আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালত আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অন্যরা জামিনে আছেন৷