জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষের নতুন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়নি। পরে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন পুনর্নির্ধারণ করেন।গতকালও ট্রাইব্যুনালে আসামিপক্ষের জ্যেষ্ঠ কোনো আইনজীবী উপস্থিত হননি। শুরুতে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমানের কাছে জানতে চান, রাষ্ট্রপক্ষের সাক্ষী উপস্থিত আছেন কি না। জবাবে কৌঁসুলি বলেন, জব্দ তালিকার একজন সাক্ষী উপস্থিত আছেন। এরপর ট্রাইব্যুনাল জানতে চান, রাষ্ট্রপক্ষে জব্দ তালিকার সাক্ষী মোট কতজন? জবাবে মোকলেছুর রহমান বলেন, তিনজন। তখন ট্রাইব্যুনাল একই দিনে এই তিনজনের সাক্ষ্য গ্রহণ করার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। এই মামলায় এ পর্যন্ত রাষ্ট্রপক্ষের ১৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।