রাষ্ট্রপক্ষের প্রতি ফের অসন্তুষ্ট ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলাসংশ্লিষ্ট নথি যাচাই-বাছাই নিয়ে আবারও রাষ্ট্রপক্ষের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলাকালে গতকাল বুধবার ট্রাইব্যুনাল এ অসন্তোষ প্রকাশ করেন।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল আজহারের বিরুদ্ধে মামলায় যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার। তিনি আজহারের ব্যক্তিগত তথ্যাদি নিয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) একটি প্রতিবেদন তুলে ধরে বলেন, ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর এসবি এই প্রতিবেদন রাষ্ট্রপক্ষকে পাঠায়, যেটি তারা মামলার নথি হিসেবে দাখিল করেছে। এই প্রতিবেদনের এক জায়গায় বলা হয়েছে, একাত্তরে আসামি ইসলামী ছাত্রফ্রন্টের রংপুর শহর শাখার সভাপতি ছিলেন। রাষ্ট্রপক্ষ পুরো মামলায় বলেছে আসামি জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘের রংপুর শাখার সভাপতি ছিলেন, অথচ গোয়েন্দা প্রতিবেদন বলছে ‘ইসলামী ছাত্রফ্রন্ট’।
এ সময় ট্রাইব্যুনাল বলেন, রাষ্ট্রপক্ষ নথি জমা দেওয়ার সময় সেগুলো ঠিকমতো পড়েও দেখেনি। তদন্ত সংস্থা রাষ্ট্রপক্ষকে বান্ডিল বান্ডিল কাগজ দিয়েছে। কিন্তু কোন কাগজ মামলার জন্য দাখিল করতে হবে, তা যাচাই-বাছাইয়ের কাজ রাষ্ট্রপক্ষের। কিন্তু তারা যত কাগজ পেয়েছে, সব দাখিল করেছে।
এসবির ওই প্রতিবেদনে আরও অসংগতি রয়েছে দাবি করে আবদুস সোবহান তরফদার বলেন, একাত্তরে আজহারুল ইসলামের রাজনৈতিক ভূমিকা নিয়ে লেখা একটি অংশে বলা হচ্ছে, একাত্তরে রংপুর কারমাইকেল কলেজের ছাত্র থাকাকালে আসামি গণহত্যা, হত্যা, অগ্নিসংযোগ, লুণ্ঠন প্রভৃতি মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন। প্রতিবেদনটির আরেক অংশে বলা হচ্ছে, এসব বিষয়ে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। সব তথ্য দেওয়ার পর কেন আবার লেখা হলো তথ্য পাওয়া যায়নি?
ট্রাইব্যুনাল বলেন, ‘গ্রামে-গঞ্জে আগে শোনা যেত, জিনের আছর পড়েছে। এই গোয়েন্দা প্রতিবেদন দেখে মনে হচ্ছে, এর ওপর জিনের আছর পড়েছে।’
আসামিপক্ষের আইনজীবী বলেন, এসবির ওই প্রতিবেদনে আসামির সব ধরনের ব্যক্তিগত তথ্যাদি দেওয়া হয়েছে। তিনি কবে বিয়ে করেছেন, শ্বশুরবাড়ি কোথায়, কয় ছেলেমেয়ে এবং তাঁরা বিবাহিত না অবিবাহিত—সবকিছু প্রতিবেদনে আছে। দেখে মনে হচ্ছে, আসামির সঙ্গে আত্মীয়তা করার জন্য এসব তথ্য দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনাল বলেন, অভিযোগ তদন্তের প্রয়োজনে হয়তো অনেক তথ্যই লাগতে পারে, কিন্তু মামলার প্রয়োজনে কোন তথ্য কোথায় প্রয়োজন, এটা রাষ্ট্রপক্ষকে বুঝতে হবে। তারা যা পেয়েছে, সবই এখানে দিয়ে দিয়েছে। তদন্তেরও সমালোচনা করে ট্রাইব্যুনাল বলেন, এ দেশে সব এজেন্সিই হালকাভাবে তদন্ত করে, তদন্ত সংস্থাও হালকাভাবে তদন্ত করেছে। আর রাষ্ট্রপক্ষও হালকাভাবে মামলা চালায়। তাদের মামলা চালানোর প্রস্তুতি থাকে না, নথিপত্র পড়ে দেখে না।
গতকাল মামলার নথির ওপর যুক্তি উপস্থাপন শেষ করেছে আসামিপক্ষ। তবে আইনি বিষয়ে যুক্তি উপস্থাপন ১৪ সেপ্টেম্বর (রোববার) পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। ওই দিন এক ঘণ্টা আইনি বিষয়ে যুক্তি দেবে আসামিপক্ষ। পরে রাষ্ট্রপক্ষ যুক্তি খণ্ডন করবে।
প্রস্তুতি না থাকায় এর আগেও কয়েকবার ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে ও নথি যাচাই করে মামলা পরিচালনার পরামর্শ দিয়েছেন। এমনকি আসামিপক্ষকেও ভালোভাবে প্রস্তুতি নিয়ে মামলা চালানোর পরামর্শ দিয়েছেন ট্রাইব্যুনাল।