রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষীর জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষীর জেরা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। ১৮ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষীর জেরা শুরু হবে।মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম হাওলাদারকে গতকাল পঞ্চম দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মঞ্জুর আহসান আনসারী। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত জেরা চলে। এর আগে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়।শুরুতে আসামিপক্ষের আইনজীবী সাক্ষীর কাছে পিরোজপুরের পারেরহাট এলাকা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। একপর্যায়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় মাহাবুবুলের বাড়ি লুট হয়নি। কারণ, তিনি জবানবন্দিতে লুট হওয়া সোনা-রুপার যে মূল্য বলেছেন, তা ওই সময়ের বাজারদর বা বর্তমানের বাজারদর কোনোটার সঙ্গেই মেলে না।মাহাবুবুল বলেন, এটা সত্য নয়। তিনি অনুমানের ওপর নির্ভর করে বাজারদর বলেছেন। একমাত্র ব্যবসায়ীরাই লুট হওয়া সম্পদের সঠিক মূল্য নির্ধারণ করতে পারবেন।জেরার শেষ দিকে আইনজীবী মঞ্জুর আহসান সাক্ষীকে একজন ‘সুবিধাবাদী ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন। সাক্ষী ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা তাঁর এ বক্তব্যের বিরোধিতা করেন। ট্রাইব্যুনাল তখন এ ধরনের বিব্রতকর প্রশ্ন করায় তা বাদ দেন।বিকেল চারটার দিকে জেরা শেষ হলে ট্রাইব্যুনাল আগামী রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত কার্যক্রম মুলতবি করেন। ওই দিন রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী মুক্তিযোদ্ধা রুহুল আমিনকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করবেন।