একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানিতে বক্তব্য উপস্থাপন শুরু করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ পঞ্চম দিনের মতো শুনানি গ্রহণ করেন।গতকাল শুনানিতে কাদের মোল্লার বিরুদ্ধে চতুর্থ অভিযোগ, রাষ্ট্রপক্ষের ১ নম্বর সাক্ষী মোজাফফর আহমেদ খান, ৭ নম্বর সাক্ষী আবদুল মজিদ পালোয়ান ও ৮ নম্বর সাক্ষী নূরজাহানের সাক্ষ্য তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এবং কাদের মোল্লার পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। পরে মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপক্ষের মূল দাবি ছিল কাদের মোল্লার মৃত্যুদণ্ড। তাঁকে ফাঁসি দেওয়া হয়নি। ট্রাইব্যুনালের রায়ে ৪ নম্বর অভিযোগ (কেরানীগঞ্জের ঘাটারচরে হত্যাকাণ্ড) থেকে তাঁকে খালাস দেওয়া হয়েছে। এর বিপক্ষে বক্তব্য উপস্থাপন শুরু করেছি। ১, ৭ ও ৮ নম্বর সাক্ষীর সাক্ষ্য আদালতে পড়েছি। শোনা সাক্ষী আদালত বিবেচনা করতে পারেন।’