রাষ্ট্রপক্ষের মৃত দুই সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
noname
noname

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তাকে দেওয়া রাষ্ট্রপক্ষের মৃত দুই সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মৃত ওই দুই সাক্ষী হলেন জয়পুরহাটের দুলু তালুকদার ও আকাম উদ্দিন। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ-সংক্রান্ত আদেশ দেন।
গতকাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত তদন্ত কর্মকর্তাকে দেওয়া রাষ্ট্রপক্ষের নয়জন সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের জন্য ট্রাইব্যুনালে আবেদন করেন। আবেদনে বলা হয়, উল্লিখিত ওই নয়জনের মধ্যে দুজন মারা গেছেন, দুজন গুরুতর অসুস্থ, চারজন নিখোঁজ এবং একজন অসুস্থ স্ত্রীর সঙ্গে দেশের বাইরে আছেন। এ অবস্থায় তিনি তদন্ত কর্মকর্তাকে দেওয়া এই নয়জনের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের জন্য ট্রাইব্যুনালে আরজি জানান। এ আবেদনের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবী তারিকুল ইসলাম। পরে ট্রাইব্যুনাল ওই নয় সাক্ষীর মধ্যে মৃত দুই সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করে আদেশ দেন। ১১ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করা হয়েছে। সেদিন এ মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করার কথা রয়েছে।