রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের করা আপিলের শুনানিতে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন অব্যাহত রেখেছে। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ ১৫তম দিনের মতো শুনানি গ্রহণ করেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির। কামারুজ্জামানের পক্ষে আইনজীবী এস এম শাহজাহান ও শিশির মনির উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার আপিলের ওপর আসামিপক্ষ প্রাথমিকভাবে যুক্তি উপস্থাপন শেষ করে। মঙ্গলবার থেকেই রাষ্ট্রপক্ষ বক্তব্য উপস্থাপন শুরু করে। গতকাল প্রথম ও দ্বিতীয় অভিযোগের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য খণ্ডনের পর তৃতীয় অভিযোগের বিষয়ে বক্তব্য শুরু করে রাষ্ট্রপক্ষ। পরে মোমতাজ উদ্দিন ফকির প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষের সাক্ষীদের বক্তব্যের যথার্থতার পক্ষে যুক্তি তুলে ধরা হচ্ছে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁর বিরুদ্ধে আনা সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে। এই রায়ের বিরুদ্ধে ও খালাস চেয়ে গত বছরের ৬ জুন আপিল করেন কামারুজ্জামান। ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি। ৫ জুন থেকে কামারুজ্জামানের করা আপিলের ওপর শুনানি শুরু হয়।