
বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়েছে। এর মাধ্যমে এই মামলার চূড়ান্ত পর্যায় শুরু হলো।বিচারপতি মজিবুর রহমান মিয়ার নেতৃত্বে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক কারণে জামিনে থাকা আলীম ট্রাইব্যুনালে হাজির ছিলেন। যুক্তি দেওয়ার শুরুতে রানা দাশগুপ্ত এই মামলার বিভিন্ন পর্যায় ও ঐতিহাসিক পটভূমি তুলে ধরেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, ‘আমরা আজ ৮৩ বছর বয়সী আলীমের বিচার চাইছি না, ৪২ বছর বয়সী আলীমের বিচার চাইছি। ১৯৬২ সালে আইয়ুব খানের সামরিক আইন প্রত্যাহার হওয়ার পর আলীম কনভেনশন মুসলিম লীগের সঙ্গে যুক্ত হন। তিনি সত্তরের নির্বাচনে এই দলের প্রার্থী হিসেবে জয়পুরহাটের ক্ষেতলাল ও পাঁচবিবি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হলে ছয় দফার বিরোধী এবং সত্তরের নির্বাচনে পরাজিত রাজনৈতিক দলগুলো স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করে। রানা দাশগুপ্ত ১৯৭২ সালের ১৮ জানুয়ারি দৈনিক বাংলা পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন উপস্থাপন করেন, যার শিরোনাম ছিল ‘জয়পুরহাটের শান্তি কমিটির নেতা জয়পুরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলীম লীগের আবদুল আলীম।’ তিনি বলেন, একই বছরের ১৭ জানুয়ারি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ পত্রিকায় ‘এরাই হলো নরপিশাচ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে আলীমের নাম আছে।
একাত্তরের ২৮ অক্টোবর দৈনিক সংগ্রাম-এ প্রকাশিত একটি প্রতিবেদন তুলে ধরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, ওই প্রতিবেদনে ছয়টি দলের সমন্বিত প্রার্থীদের নামের একটি তালিকা আছে, একাত্তরে মুক্তিযুদ্ধকালে যাঁরা টিক্কা খানের সঙ্গে যোগ দিয়ে শান্তি কমিটি গঠন করেন। ওই তালিকায় ২২ নম্বরে আলীমের নাম রয়েছে।
একাত্তরের ৩১ অক্টোবর প্রকাশিত দৈনিক সংগ্রাম-এর একটি প্রতিবেদন তুলে ধরেন কৌঁসুলি। ওই প্রতিবেদনে একাত্তরের প্রাদেশিক পরিষদের নির্বাচনের ৩১ জন প্রার্থীর নাম রয়েছে, যাঁরা ওই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন। ওই প্রার্থীদের মধ্যেও আলীমের নাম আছে।
স্বাধীনতার পর বাংলাদেশ সরকারের প্রকাশ করা পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনীর একটি নথি তুলে ধরে রানা দাশগুপ্ত বলেন, ওই নথিতে দেখা গেছে, আলীম মুক্তিযুদ্ধকালে জয়পুরহাট শান্তি কমিটির সভাপতি ছিলেন।
এ রকম বিভিন্ন নথি উপস্থাপনের পর রানা দাশগুপ্ত আলীমের বিরুদ্ধে আনীত প্রথম দুটি অভিযোগের বিষয়ে যুক্তি দেন। প্রথম অভিযোগ অনুসারে, একাত্তরের ২০ এপ্রিল আলীম পাকিস্তানি সেনাদের নিয়ে পাঁচবিবির দমদমা গ্রামে মেহের উদ্দিন চৌধুরীর বাড়িতে হামলা, লুণ্ঠন ও অগ্নিসংযোগ করেন। এতে মেহের উদ্দিন দেশান্তর হতে বাধ্য হন। দ্বিতীয় অভিযোগে বলা হয়, ২৬ এপ্রিল আলীম মেজর আফজালসহ পাকিস্তানি সেনা ও শান্তি কমিটির সদস্যদের নিয়ে কড়ই, কাদিপুর, চকপাড়া, সোনারপাড়া, পালপাড়া ও মুন্সিপাড়া গ্রামে হামলা চালান। এসব গ্রামের হিন্দুদের বাড়িঘরে লুট ও অগ্নিসংযোগের পর ৩৭০ জন হিন্দুকে হত্যা করা হয়।
কৌঁসুলি দাবি করেন, রাষ্ট্রপক্ষ ওই দুটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে।
যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।