রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দফায় গতকাল বৃহস্পতিবার যুক্তি উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। ২০ জানুয়ারি থেকে তিন দিন আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করবে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। তিনি সাঈদীর বিরুদ্ধে গঠিত প্রতিটি অভিযোগের পক্ষে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জবানবন্দি ও দাখিলকৃত নথি তুলে ধরেন। যুক্তি উপস্থাপনের শেষ পর্যায়ে তিনি বলেন, এই মামলার আসামি সাঈদীর বিরুদ্ধে গঠিত ২০টি অভিযোগের মধ্যে ১৯টি রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে।পরে ট্রাইব্যুনাল বলেন, ২০ জানুয়ারি (রোববার) থেকে আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করবে। এ জন্য তাঁরা তিন দিন সময় পাবেন।গত ৬ ডিসেম্বর এই মামলায় যুক্তি উপস্থাপন শেষে রায়ের অপেক্ষায় ছিল। তবে ১৩ ডিসেম্বর এই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ায় আবার যুক্তি উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বারের মতো যুক্তি উপস্থাপন শেষ করল রাষ্ট্রপক্ষ।মুজাহিদের বিরুদ্ধে দ্বাদশ সাক্ষীকে জেরা শেষ: বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দ্বাদশ সাক্ষী চিত্তরঞ্জন সাহাকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। এ সময় আসামির কাঠগড়ায় মুজাহিদ হাজির ছিলেন। এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের বিষয়ে আদেশ রোববার: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাকে দেওয়া রাষ্ট্রপক্ষের সাক্ষী সৈয়দ আবদুল হান্নানের জবানবন্দি সাক্ষ্য হিসেবে নেওয়া হবে কি না—এ বিষয়ে ২০ জানুয়ারি আদেশ দেবেন ট্রাইব্যুনাল-২।গতকাল এ-সংক্রান্ত আবেদনের শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম। এ আবেদনের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবী এহসান এ সিদ্দিক।