রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন ৩ মার্চ পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন ৩ মার্চ পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ গতকাল বুধবার অষ্টম দিনের মতো যুক্তি উপস্থাপন করেন। শারীরিক কারণে গোলাম আযমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।সুলতান মাহ্মুদ গতকাল গোলাম আযমের বিরুদ্ধে গঠিত পঞ্চম অভিযোগের (মানবতাবিরোধী অপরাধ হিসেবে হত্যা ও নির্যাতন) বিষয়ে আংশিক যুক্তি দেন। অভিযোগের বিবরণ দিয়ে কৌঁসুলি বলেন, কুমিল্লার হোমনা থানার রামকৃষ্ণপুর গ্রামের সিরু মিয়া একাত্তরে ঢাকার মোহাম্মদপুর থানায় দারোগা (সাব-ইন্সপেক্টর) ছিলেন। একাত্তরের ২৮ মার্চ তিনি স্ত্রী আনোয়ারা বেগম ও ১৪ বছরের ছেলে আনোয়ার কামালকে নিয়ে কুমিল্লায় নিজ বাড়িতে যান। সেখানে তিনি শরণার্থীদের ভারতে যাতায়াতে সাহায্য করতেন। ২৭ অক্টোবর সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার তন্তর চেকপোস্টের কাছে সিরু মিয়া, তাঁর ছেলেসহ ছয়জন ভারতে যাওয়ার সময় রাজাকারদের হাতে ধরা পড়েন। তাঁদের রাজাকার ক্যাম্পে নিয়ে কয়েক দিন নির্যাতনের পর ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়। খবর পেয়ে সিরু মিয়ার স্ত্রী গোলাম আযমের সঙ্গে যোগাযোগ করেন। সিরু মিয়ার ভগ্নিপতি ছিলেন গোলাম আযমের দুই ছেলে আযমী ও আমীনের শিক্ষক। তিনি গোলাম আযমের কাছে সিরু মিয়া ও তাঁর ছেলেকে মুক্তি দিতে অনুরোধ জানান। গোলাম আযম ব্রাহ্মণবাড়িয়া শান্তি কমিটির নেতা পেয়ারা মিয়ার কাছে একটি চিঠি পাঠান যাতে সিরু মিয়া ও তাঁর ছেলেকে হত্যার নির্দেশ ছিল। ওই চিঠি পাওয়ার পর ঈদের দিন রাতে সিরু মিয়াসহ ৩৯ জনকে পাকিস্তানি সেনারা রাজাকার ও আলবদরদের সহযোগিতায় কারাগার থেকে বের করে পৈরতলা রেলব্রিজের কাছে নিয়ে যায়। সেখানে পাকিস্তানি সেনাদের গুলিতে ৩৮ জন মারা যান, একজন প্রাণে বেঁচে যান।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, এই অভিযোগের পক্ষে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী মুক্তিযোদ্ধা শফিউদ্দিন আহমেদ, ১২তম সাক্ষী সোনা মিয়া, ১৩তম সাক্ষী সিরু মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম এবং ১৪তম সাক্ষী সুরকার গীতিকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। রাষ্ট্রপক্ষের সপ্তম ও জব্দ তালিকার সাক্ষী ছিলেন চিকিৎসক মুনিয়া ইসলাম চৌধুরী। তিনি সিরু মিয়া ও আনোয়ার কামালের ছবি এবং একাত্তরের ১ নভেম্বর মায়ের কাছে লেখা আনোয়ার কামালের চিঠি ট্রাইব্যুনালে প্রদর্শনী হিসেবে দাখিল করেন।যুক্তি অসমাপ্ত অবস্থায় রাষ্ট্রপক্ষ কার্যক্রম মুলতবির আরজি জানায়। পরে ট্রাইব্যুনাল ৩ মার্চ যুক্তি উপস্থাপনের পরবর্তী দিন ধার্য করেন।