রাষ্ট্রপক্ষের যুক্তি শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আজ সোমবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে এ মামলার রায় ঘোষণা করা হবে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল রোববার এ দিন ধার্য করেন। গতকাল রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিপক্ষের সাক্ষী না থাকায় ট্রাইব্যুনাল এ মামলার চূড়ান্ত পর্যায় শুরুর আদেশ দেন।
গতকাল রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী ও মুঈনুদ্দীনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত কর্মকর্তা আতাউর রহমানকে জেরা শেষ করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সালমা হাই।
পলাতক থাকায় মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের অনুপস্থিতিতে গত ১৫ জুলাই রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এ মামলায় বিচারকাজ শুরু হয়। রাষ্ট্রপক্ষে দুই তদন্ত কর্মকর্তাসহ ২৪ জন সাক্ষ্য দিয়েছেন।